জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় গত বুধবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও বিষয়টি গতকাল শনিবার জানা যায়। জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান থানায় জিডি করেন।
থানার ওসি আবুল হাসান জানান, জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান পরশু রাত পৌনে ১২টার দিকে জিডি করেছেন। তাতে বলা হয়েছে, সপরিবারে হত্যা করা হবে হোয়াটসঅ্যাপে এমন হুমকি পেয়েছেন জিএম কাদের।
জানতে চাইলে আবদুল হান্নান দেশ রূপান্তরকে বলেন, ‘১৩ ডিসেম্বর রাত ৪টা ৩ মিনিটে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জিএম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনকে সফল করার প্রয়াস থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি দেওয়া হয়েছে।’
জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘চেয়ারম্যানকে ফোনে হুমকি দেওয়ার বিষয়টি তিনি অবগত এবং এ রকম অনেক হুমকি তার ফোনেও আসছে।’ তিনি বলেন, ‘অনেক হুমকি ফোনে আসে; মেরে ফেলবে, এই করবে, ওই করবে আমার কিছু যায়-আসে না। আমি জিডি করারও প্রয়োজন বোধ করছি না। বাংলাদেশের নাগরিক আমি, এ দেশে যুদ্ধ করেছি। কারও ভয়ে অন্তত পক্ষে আমি ভীত না।’
