দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে একরকম সরেই দাঁড়াচ্ছে জাকের পার্টি। ২১৮টি আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও ১০টির কম আসনে প্রার্থী রেখে বাকিগুলো থেকে দলটি প্রার্থী সরিয়ে নিচ্ছে। দলের মহাসচিব শামীম হায়দার জানিয়েছেন, নির্বাচনে তারা থাকছেন।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) সকালে প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলটির পক্ষ থেকে আবেদন করা হয়।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না। কিছু আসনে যাতে পুরো মনোনিবেশ করা যায়, সে জন্য ২০০-এর বেশি আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ১০টির কম, ৭ থেকে ৮টি আসনে তাদের প্রার্থী থাকবেন, যেখানে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
