ফের আসছে মুন্না ভাই

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ পিএম

২০ বছর আগে মুন্না ভাই এমবিবিএস মুক্তি পেয়েছিল। অভিনেতা সঞ্জয় দত্ত মঙ্গলবার তার আইকনিক ‘মুন্না ভাই এমবিবিএস’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিও পোস্টে সঞ্জয় দত্ত তার ভক্তদের জন্য একটি সুসংবাদও দিয়েছেন। জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে শিগগিরই।

সামাজিক মাধ্যমে সঞ্জয় দত্ত লিখেছেন, ‘‘দুই দশকের হাসি, আবেগ এবং প্রচুর জাদু কি ঝাপ্পি! মুন্না ভাই এমবিবিএস-এর ২০ বছর উদযাপন। অবিস্মরণীয় মুহূর্তগুলোতে ভরা একটি যাত্রা। সেইসব ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা, যা এটিকে করে তুলেছে একটি কালজয়ী ক্লাসিক ফিল্ম। আশা করছি ‘মুন্না ভাই ৩’ শিগগিরই তৈরি হবে!”

এদিকে সঞ্জয় দত্তের এমন ঘোষণায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। সামাজিক মাধ্যমে নিজেদের কথা প্রকাশ করছেন। ‘মুন্না ভাই এমবিবিএস’-এর সফলতার পর ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ নিয়ে আসেন রাজু হিরানি ও সঞ্জয় দত্ত। সেই সিনেমাটিও সুপারহিট হয়। এরপর থেকেই হিরানি-দত্ত জুটির মুন্না ভাইয়ের তৃতীয় কিস্তির অপেক্ষায়। সর্বশেষ তামিল ফিল্ম ‘লিও’তে দেখা গেছে সঞ্জয় দত্তকে। এই সিনেমায় অ্যান্টনি দাসের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি এই বছর সর্বাধিক আয় করা দক্ষিণী সিনেমার তালিকায় রয়েছে। সামনে সঞ্জয়কে দেখা যাবে ‘বাপ’, ‘কেডি- দ্য ডেভিল’ এবং ‘ডাবল ইস্মার্ট’ সিনেমায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত