নির্বাচন বিষয়ে আগের অবস্থানেই জাতিসংঘ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ এএম

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের আহ্বান জানিয়ে আসা জাতিসংঘ তার আগের অবস্থানেই রয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন দেজারিক।

বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে আটকে রেখে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের শাসকগোষ্ঠী ‘একতরফা’ নির্বাচন করতে উদ্যোগী হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, এ অবস্থায় জাতিসংঘ অবাধ ও সুষ্ঠু ভোট আশা করে কি না? বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ নেবেন কি না?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দেজারিক বলেন, ‘আমি আপনার এসব প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। এমনকি আপনার প্রশ্নের একটি অংশে নিজেই বলেছেন যে আমরা (জাতিসংঘ) সেখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছি। এটা এমন একটি নির্বাচন হতে হবে, যেখানে মানুষ ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে। স্পষ্টতই, নির্বাচনের পর হয়তো আমরা কিছু বলব। তবে নির্বাচন নিয়ে এখনো আমাদের অবস্থান অপরিবর্তিত আছে।’

বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার বিষয়টি তুলে ধরে স্টিফেন দেজারিকের কাছে জানতে চাওয়া হয়, ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়ার পর তিন বছরের এক শিশু, নারীসহ চারজনের প্রাণ গেছে। এ ধরনের অগ্নি সহিংসতার শিকার ভুক্তভোগী ও নির্বাচনপূর্ব রাজনৈতিক সহিংসতা নিয়ে কি জাতিসংঘ উদ্বিগ্ন?

এ প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র দেজারিক বলেন, ‘ভয়াবহ ওই ঘটনায় নিহতদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমি মনে করি, বাংলাদেশের কর্র্তৃপক্ষের দায়িত্ব এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত