শুরু হলো ফেডারেশন কাপ

জিকোর ফেরার দিনে কিংসের জয়, রহমতগঞ্জ-পুলিশের ড্র

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পিএম

মৌসুমের তৃতীয় প্রতিযোগিতা হিসেবে মাঠে গড়িয়েছে ব্সুন্ধরা ফেডারেশন কাপ ২০২৩-২৪। আসরের প্রথম দিনেই কাঙ্খিত জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ পুলিশ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হয় বসুন্ধরা কিংস ও ফরটিস এফসি লিমিটেড। এই ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরেন গোলকিপার আনিসুর রহমান জিকো।

ম্যাচের ১১তম মিনিটেই ফরটিসের জালের দেখা পায় কিংস। মাঠে নিজেদের অর্ধ থেকে লম্বা থ্রু পাস বাড়িয়ে দেন বাদশা। ফরটিসের ডিবক্সের সামনে থেকে সেই বল পায়ে নিয়ে ঢুকে পড়েন ডরিয়েলটন গোমেজ। কী করবেন বুঝে উঠতে পারেননি ফরটিস গোলরক্ষক। একবার সামনে একবার পিছনে যাই করে বরং জায়গা তৈরি করে দেন ডরিয়েলটনকে। ঠান্ডা মাথায় নির্ভুল শটে বল জালে পাঠান এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ওই এক গোলেই ম্যাচের ফল নির্ধারিত হয়। পুরো ম্যাচে আর কোনো দলই গোল করতে বা শোধ করতে পারেনি।

অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় পুলিশ। প্রথমার্ধেই খেলায় সমতায় ফেরে রহমতগঞ্জ। ৪১ মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনির গোলে সমতা পায় রহমতগঞ্জ।

দ্বিতীয়ার্ধের দুটো গোলই আসে পেনাল্টি থেকে। ৬৮ মিনিটে এগিয়ে যায় পুলিশ। ৭৭ মিনিটে আর্নেস্ট বোয়েটেঙ্গের পেনাল্টিতে আবার সমতায় ফেরে রহমতগঞ্জ। ২-২ গোলের ড্রতেই নিষ্পত্তি হয় ম্যাচের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত