শতভাগ নিশ্চয়তা দিচ্ছি রাতে ভোট হবে না : সিইসি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৩ এএম

ভোটকেন্দ্রে কোনো ধরনের পেশিশক্তির প্রয়োগ হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, প্রিসাইডিং অফিসারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তিনি ভোটারদের শতভাগ আশ্বাস দেন এবার রাতে ভোট হবে না।

গতকাল মঙ্গলবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কোথাও কোথাও নাকি বলা হচ্ছে যে যেখানে ভোট দেন, ভোট জায়গামতো চলে আসবে। কেউ বলছেন, ভোট দিয়ে কী লাভ, ভোট তো এক জায়গায় চলে যাবে এগুলো অপপ্রচার কিংবা ভ্রান্ত ধারণা। ভোট যেখানে দেবেন সেখান থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই, সেটি আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আশ্বস্ত করেছি ভোট যেখানেই দেন, সেটা আরেক জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা নেই, সেটা একশো পার্সেন্ট নিশ্চিত। আগের রাতে ভোট নিয়ে যেসব কথা হয়েছে, সেগুলো ৯৯ নয়, ১০০ শতাংশ নিশ্চিত করতে পারি, সেটা কোনো অবস্থাতেই হবে না।’

তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ফুটে উঠবে। মিডিয়া পর্যবেক্ষকরা প্রিসাইডিং অফিসারের অনুমতি ছাড়াই সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং সত্য-মিথ্যা জনগণকে জানাতে পারবেন। সিইসি জানান, একটা অ্যাপস তৈরি করা হয়েছে যেখানে দুই ঘণ্টা পর পর কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়ল তা ইনপুট দেওয়া হবে। এজন্য আমরা বিভিন্ন পরিমাপক নিয়েছি। মোবাইলের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে সেটা সবাই জানতে পারবেন। এতে মানুষের মধ্যে ভোট গ্রহণের সত্যতা ফুটে উঠবে।

এবারের নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ের কথা উল্লেখ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, আমাদের নির্বাচনের সংস্কৃতিতে অনেকে পেশাদার সন্ত্রাসী ব্যবহার করে। তারা যাতে ভোটকে প্রভাবিত না করতে পারে সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। আমরা বিভিন্ন প্রার্থীর বক্তব্য শুনেছি। প্রার্থীরা জানিয়েছেন, তারা রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের আচরণে সন্তুষ্ট। 

নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার সচিব মো. জাহাংগীর আলম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। এছাড়া চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় এলজিইডি ভবন মিলনায়তনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সিইসি। এ সময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত