বাংলাদেশ দলের অন্দরমহলেও নিশ্চয়ই এখন এমন আশার বুদবুদ। নেপিয়ারে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাওয়া জয়ের ধারা বজায় রেখে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও জিতেছে বাংলাদেশ। আজ মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচ, এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
তিন দিনের ব্যবধানে নিউজিল্যান্ডকে তাদের আঙিনায় পরপর দুবার হারিয়ে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে প্রথম কোনো জয় এসেছিল এই মাউন্ট মঙ্গানুই থেকেই।
তবে অতি আত্মবিশ্বাসেও ভাসছে না নাজমুল হোসেনের দল। উল্টো যথেষ্ট সাবধানীই বলতে হয় তাদের। ক্রিকেটাররা জানেন, প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই তাদের বারবার উড়িয়ে দেওয়া যাবে না।
