দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সব অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে এবং গতি সেøা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
কত ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমাদের যত মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবই ফুল স্পিডে চালু থাকবে।’ ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আশা করি, না।’ এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং তা বলা আছে কি না, এটা মুখ্য বিষয় হতে পারে না।’
ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানাবেন ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন হবে।
জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে। ইসি সচিব আরও বলেন, ‘আমরা মূলত নির্বাচনসংক্রান্ত সব বিষয়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন, তাদের সম্মুখে জানাতে চাই।’
