অভিযোগ অস্বীকার করলেন ব্যারিস্টার সুমন

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম

হবিগঞ্জ- ৪ আসনের সতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে জবাব দাখিল করেছেন। জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান লিফলেটে  ব্যবহার করেননি। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি মহল এই অভিযোগ করেছে।

তিনি তার লিফলেটে বঙ্গবন্ধুর ছবি ও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে জেলা রিটার্নিং অফিসারের নিকট অভিযোগ করা হয়। জেলা রিটার্নিং অফিসার নির্বাচনী অনুসন্ধান কমিটিতে প্রেরণ করলে সোমবার তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়। 

আজ মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী রুহেল মিয়ার মাধ্যমে একটি লিখিত জবাব প্রেরণ করেন। জবাবে তিনি উল্লেখ করেন, আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু নৌকা মার্কার প্রার্থী ও কর্মীরা তাকে হেয় প্রতিপন্ন ও নির্বাচন থেকে দূরে সরানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। ওই লিফলেট ও পোস্টার সম্পর্কে তিনি অবগত নন।

নির্বাচন অনুসন্ধান কমিটির শরীফ খন্দকার রুবেল জবাবের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আরও একটি নোটিশের জবাব তিনি ৭ ডিসেম্বর দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত