সাধারণ মানুষের ভোটের প্রতি আগ্রহ নেই দাবি করে দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যশোর-৫ (মনিরামপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এমএ হালিম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশের প্রধান দুটি বড় রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। তারপরও আমরা জনগণের ভোট পাব এ আশায় নির্বাচনে অংশ নিয়েছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হতে চেয়েছিলাম। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের রহস্যজনক আচরণ এবং মহাসচিবের নির্বাচনী পোস্টারের ধরন ও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সমঝোতার বিষয়টিতে সাধারণ জনগণ তো দূরের কথা, আমার নিজ দলের নেতাকর্মীরাও এ ভোটের আগ্রহ হারিয়েছে। একই সঙ্গে নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতারা আমাদের কোনো খোঁজখবর রাখেনি। তাই স্থানীয় নেতাকর্মীদের মতামতের গুরুত্ব দিয়েই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দুই প্রার্থীর (আওয়ামী লীগ মনোনীত ও আওয়ামী লীগ বিদ্রোহী) মুখোমুখি সংঘাতের আশঙ্কা রয়েছে। এ কারণে আমি সাধারণ ভোটারদের, বিশেষ করে আমার দলীয় নেতাকর্মীদের সংঘাত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রসমাজের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা জাতীয় পার্টির সহসাধারণ সম্পাদক ইসরাফিল কবীর মিন্টু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আজগার আলী প্রমুখ।
যশোর-৫ (মনিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, স্বতন্ত্র প্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি ইয়াকুব আলী, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী ও তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা।
গাজীপুরে সরে দাঁড়ালেন তরিকত প্রার্থী
: গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা প্রতীক) প্রার্থী ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে টঙ্গীর পাগাড় শাহসাব বাড়ি এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তরিকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মছনবী হায়দার।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সংবিধান রক্ষার এই নির্বাচনে আমি বিভিন্ন আসনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের অন্যান্য প্রার্থীর মতোই দলীয় ‘ফুলের মালা’ প্রতীক নিয়ে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে এসেছি। গত বৃহস্পতিবার দলীয় চেয়ারম্যান সংসদ সদস্য (বর্তমান) সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে আমাদের অন্যান্য প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। নির্বাচনে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, আমি দলের চেয়ারম্যানের সাথে একাত্মতা রেখে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ তরিকত ফেডারেশনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়ে গেছে। নির্বাচনী বিধিমালায় তিনি প্রার্থী হিসেবেই গণ্য হবেন।
