ভোটগ্রহণ শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। তবে কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন থাকলে ভোট শেষ হতে আরো দেরি হতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসবেন, তাদের ভোট দেওয়া শেষ হলেই ভোট বন্ধ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। নির্বাচনে ২৯৯ আসনে এক হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

ইসির প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেছে, এবার সারা দেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। এর মধ্যে ১ কোটি ৫৪ লাখ নতুন ভোটার। যারা প্রথমবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের। দলটির মোট প্রার্থী ২৬৬ জন। এ ছাড়া জাতীয় পার্টির ২৬৫ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। তবে তাদের মধ্যে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। দলটির একটি সূত্র জানিয়েছে, এখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮০ প্রার্থী। তবে নির্বাচনী মাঠে আছেন শ খানের প্রার্থী।

এদিকে তৃণমূল বিএনপির ১৩৫, ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬ জনসহ নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৫৩৪ জন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ৪৩৬ জন। সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে ৯০ জন নারী ও ৭৯ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে দেশের অন্যতম বড় দল বিএনপিসহ ১৬টি দল এ নির্বাচন বয়কট করেছে। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একাধিক দাবিতে নির্বাচন থেকে দূরে রয়েছে দলগুলো। 

এদিকে পুলিশ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনে ১০ হাজার ৫৩০টি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। তবে ইসির একটি সূত্র জানায়, তারা ১০ হাজার ৩০০টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।

ভোটের প্রস্তুতি হিসেবে দুর্গম কেন্দ্রগুলোতে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জামাদী পাঠিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। তবে দেশের অধিকাংশ কেন্দ্রে ভোটের দিন সকালে অর্থাৎ আজ রবিবার সকালে ব্যালট পাঠানো হয়েছে।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ২৫৯টিতে জয়ী হন। তাদের শরিক দলগুলো ২৯টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগসহ শরিক দলগুলো মিলে গঠিত মহাজোট ওই নির্বাচনে মোট ২৮৮টি আসন পায়। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত