জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে।’ রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে লালদীঘির ফতেপুরের মকিমপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
এ সময় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নৌকার সরকার থাকায় সারাদেশের উন্নয়ন হয়েছে। ব্যাপক উন্নয়ন হয়েছে পীরগঞ্জে।’
ড. শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার শ্বশুরবাড়ি ফতেপুর গ্রামের ভোটার। তিনি তৃতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে দু’জন স্বতন্ত্র ও পাঁচজন দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। ড. শিরীন শারমিন চৌধুরী ছাড়াও জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙ্গল), কল্যাণ পার্টির জাকারিয়া হোসেন (হাতঘড়ি), বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম (ডাব), ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ (আম), স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম (ট্রাক) ও তাকিয়া জাহান চৌধুরী কাচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
