দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। নৌকা মার্কায় নসরুল হামিদ পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭শ’ ৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকে মনির সরকার পেয়েছেন ২ হাজার ৮শ' ৬৮ ভোট।
রবিবার ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম এই ফলাফল ঘোষণা করেন।
বড় ব্যবধানের এ জয়ের প্রতিক্রিয়ায় নসরুল হামিদ বলেন, ‘এখানকার মানুষ জানে আমরা গত ১৫টি বছর অক্লান্ত পরিশ্রম করেছি। তার ফলাফল আমরা এখন দেখছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরানীগঞ্জের উন্নয়নে সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা এই উন্নয়নের ধারাবাহিকতাটা রাখতে চাই। শিক্ষার হার যেখানে ২৫ পারসেন্ট ছিলো সেখানে ৮৫ পারসেন্ট হয়ে গেছে। স্কুল কলেজ- রাস্তা ঘাটের উন্নতি হয়েছে। মানুষ ভোটে তার প্রতিফলন দেখিয়েছে। এই ধারাটাকে আমরা ধরে রাখতে চাই। কেরানীগঞ্জের প্রতিটি ভোট কেন্দ্রে নতুন প্রজন্মসহ সকল ভোটাররা ভোট দিতে এসেছে। কেরানীগঞ্জের উন্নয়ন দেখে তারা নৌকায় ভোট দিয়েছে। উন্নয়নের ধারা ধরে রাখতেই এই আসনে নৌকার জয়।’
ঢাকা-৩ আসনে এবার ১২৬ টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৪০ হাজার ২৪টি। এরমধ্যে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৮’ ৩১টি। মোট ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ৮ শ’ ৫৫টি। ভোটের প্রদানের হার ৪১.৭০ শতাংশ।
