দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। এক লাখ ৬৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সহকারী রিটার্নিং ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া ফলে এ তথ্য জানা গেছে।
খাদিজাতুল আনোয়ার সনির নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৮৭ ভোট। একতারা প্রতীকে সুপ্রীম পার্টির চেয়ারম্যান সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী পেয়েছেন তিন হাজার ১৩৮ ভোট, ঈগল প্রতীকে স্বতন্ত্র মোহাম্মদ শাহাজাহান পেয়েছেন ২৫৭ ভোট, মোমবাতি প্রতীকে মো. হামিদুল্লাহ এক হাজার ৫২৫ ভোট, চেয়ার প্রতীকে মীর ফেরদৌস আলম ৫২৫ ভোট, ফুলকপি প্রতীকে রিয়াজ উদ্দিন চৌধুরী ৩১৩ ভোট এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. শফিউল আজম ২৫৫ ভোট পেয়েছেন।
এ ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো ১৪ দলীয় জোট নেতা ও এই আসনের বর্তমান সংসদ সদস্য ফুলের মালা প্রতীক প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী পেয়েছেন ২১৩ ভোট পেয়েছেন।
এদিন বেশিরভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। ফলাফল গণনা শেষে চট্টগ্রাম-২ আসনে শতকরা ৩২ দশমিক ৬৮ শতাংশ ভোট সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
