ব্যালট ছিনিয়ে জাল ভোট দিলেন শিল্পমন্ত্রীর ছেলে!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:২৭ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনের একটি কেন্দ্রে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে আসনটিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর বিরুদ্ধে। এই অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে জাল ভোটের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বাতিল করেন নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বদিউল আলম।

জানা গেছে, সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই একদল কর্মী নিয়ে কেন্দ্রটিতে বেআইনিভাবে প্রবেশ করেন মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। তারা নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে ১২টি ব্যালট বই ছিনিয়ে নিয়ে জোর করে নৌকা মার্কায় সিল মারেন। বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্রে হট্টগোল সৃষ্টি করলে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেন। এর পরপরই রিটার্নিং কর্মকর্তা বদিউল আলম ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করে দেন।

এ বিষয়ে বক্তব্য জানতে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে কল করার কারণ জানিয়ে তার মোবাইল ফোনে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত