সিদ্ধান্ত বদল জাপার নতুন এমপিদের শপথ আজ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০২:১৫ এএম

জাতীয় পার্টির নবনির্বাচিত ১১ সংসদ সদস্য (এমপি) আজ শপথ নেবেন। সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত সব এমপিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। প্রথম শোনা গিয়েছিল, জাপার নতুন এমপিরা আজ শপথ নিচ্ছেন না। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

গতকাল মঙ্গলবার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

একইদিন রংপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংসদ সদস্য হিসেবে দলের নির্বাচিত সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবেন। সন্ধ্যায় সাড়ে ৭টায় নগরীর সেনপাড়ার বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমরা যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছপা হব না।’ সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এর আগে জাপা চেয়ারম্যান দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর বিভাগের পরাজিত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ওই মতবিনিয় সভায় পরাজিত প্রার্থীরা শপথ না নেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘এ নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে, সেখানে তারা জোর করে সিল মেরে আমাদের লোকজনকে হারিয়ে দিয়েছে।’

বৈঠকের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘রংপুর বিভাগের জাপার হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এ তথ্যগুলো পরে ফলোআপে কাজে লাগব।’ তিনি আরও বলেন, ‘সংসদে গেলে দলকে আরও গোছানো সহজ হবে। সেই জনগণের জন্য কিছু করা যাবে। অনেক প্রত্যাশা নিয়ে রংপুবাসী আমাকে জয়ী করেছেন। আমি রংপুরের উন্নয়নে কাজ করতে চাই।’

সংসদে বিরোধী দল কে হবে এমন প্রশ্নে জিএম কাদের বলেন, ‘স্বাভাবিকভাবে আমরাই বিরোধী দল হই। তারপরও কী হবে জানি না। তবে বিরোধী দল নিয়ে চিন্তা করি না।’

এদিকে আগেই ঠিক করা জাপার বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত