১২ দিনে করোনা সংক্রমণ বেড়ে প্রায় দ্বিগুণ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:১২ এএম

চলতি বছরের গত ১২ দিনে দেশে করোনা সংক্রমণ দ্বিগুণের বেশি বেড়েছে। বছরের প্রথম দিন পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ছিল ৪ শতাংশ। গত বৃহস্পতিবার বেড়ে ১০ শতাংশে গিয়ে দাঁড়ায়। অবশ্য গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) কিছুটা কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে শনাক্তের হার।

এ সময় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে দ্বিগুণ। বছরের প্রথম দিন শনাক্ত রোগী ছিল ২০ জন। গত বৃহস্পতিবার শনাক্ত হয় ৪৪ জন, যা দ্বিগুণেরও বেশি। আর গতকাল শুক্রবার রোগীর সংখ্যা ছিল ৩৯।

গত দুদিনের করোনা শনাক্তের হার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের মে মাসের মাঝামাঝিতে শনাক্ত হার ১০ শতাংশের ওপরে ছিল। পরে তা কমে গত বছরের শেষের দিকে এক শতাংশের নিচে নেমে আসে। কিন্তু নতুন বছরের শুরু থেকেই সংক্রমণ বাড়তে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। এর আগে এ মাসে সর্বনিম্ন শনাক্ত হার ছিল ৮ জানুয়ারি ৪ দশমিক ২১ শতাংশ ও সর্বনিম্ন রোগী ছিল ১০ জন, ৬ জানুয়ারি।

এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের করোনা টিকার চতুর্থ ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে।

গতকাল এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর সতর্ক করে বলেছে, বিশ্বের বেশ কিছু দেশে কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে, যেমন- হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো। উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ টিকা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবলমাত্র কভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত