অগ্রযাত্রা অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ এএম

সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার রাজধানীর উপকণ্ঠে সাভারে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় তিনি লিখেছেন, ‘আর্থসামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

রেকর্ড পঞ্চম এবং টানা চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা প্রথমে গতকাল বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিসভার নতুন সহকর্মীদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা জাতীয় স্মৃতিসৌধের বেদিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এতে তিনি আরও লিখেছেন, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। এ বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।’

এর আগে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

শেখ হাসিনা প্রথমে সকাল ৯টা ৫৯ মিনিটে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভায় তার সহকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরও একবার পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

এরপর প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার নতুন সহকর্মীরা মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জনের চার দিন পর শেখ হাসিনা পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে বঙ্গভবনের দরবার হলে শেখ হাসিনা ও তার নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন। বাসস

দুদিনের সফরে আজ গোপালগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুদিনের সফরে গোপালগঞ্জ আসছেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর সরকারপ্রধান হিসেবে এটা তার প্রথম সফর। ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রী তার দুদিনের সফরের প্রথম দিন সকালে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন। এ সময় তার পরিবারের সদস্যদেরও থাকার কথা রয়েছে।

এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন এবং পরদিন রবিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ওইদিনই তিনি আবার সড়কপথে ঢাকায় ফিরে যাবেন।

এদিকে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র করে সবার মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসবেন। তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ভোটাররা প্রধানমন্ত্রীকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তাই প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। জনগণও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রীর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ও সাধারণ মানুষ খুশিতে উদ্বেলিত।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, রবিবার প্রধানমন্ত্রী কোটালীপাড়ার নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাকর্মীরা মনখুলে কথা বলবেন এবং প্রধানমন্ত্রীও শুনবেন ও বলবেন। তার কাছে আমাদের কোনো কিছু চাওয়া বা পাওয়ার নেই। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়ার হলো আমাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি পঞ্চমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমরা দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষে ঢেলে জানানো হয়েছে। জেলা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা মুখিয়ে রয়েছে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী দুদিনের সফরে এসে জাতির পিতার সমাধিসৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও নিরাপত্তাময় করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত