‘সিনপাট’-এ মুগ্ধ দর্শক চমকে দিলেন তাওকীর

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

একেবারেই আনকোরা অভিনয়শিল্পীদের নিয়ে দুবছর আগে ‘শাটিকাপ’ বানিয়ে চমকে দিয়েছিলেন মোহাম্মদ তাওকীর ইসলাম। দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত সে সিরিজটির পর ভক্ত-দর্শকদের অপেক্ষা ছিল তার পরের কাজ দেখার। সদ্যই মুক্তি পেয়েছে নতুন সিরিজ ‘সিনপাট’। এখানেও যারা অভিনয় করেছেন, তারাও কেউ পরিচিত মুখ নন। তবে তাদের দু-একজনকে দেখা গিয়েছিল ‘শাটিকাপ’-এ। সিরিজটিতে আছেন শখানেকের বেশি অভিনয়শিল্পী।

ক্রাইম থ্রিলার জনরার ১৬৩ মিনিটের ‘সিনপাট’ নির্মিত হয়েছে একেবারে স্থানীয় আর খাঁটি গল্প নিয়ে। রাজশাহীতে বসেই আশপাশের বন্ধু ও পরিচিত ব্যক্তিদের নিয়ে নির্মাণ করেন এটি। গল্পে দেখা যায়, সোহেল একজন নিম্নশ্রেণির অপরাধী। সে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলায় রীতিমতো বিশেষজ্ঞ ফাজু নামের একজনকে সঙ্গে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে। সেখানে গিয়েও অপরাধ তাদের পিছু ছাড়ে না। সঙ্গে যুক্ত হয় এলাকার নেশাদ্রব্য বিক্রেতা দুরু। এদিকে ধুরন্ধর সাংবাদিক হাবিবুল বাশার তাদের আগের অপরাধের সন্ধান করে এসে পৌঁছায় এখানেও। সব দিক থেকে শুরু হয় ‘সিনপাট’।

এতে সোহেল, ফাজু, দুরু ও হাবিবুল বাশার চরিত্রে অভিনয় করেছেন সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা ও শিবলী নোমান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রণব ঘোষ, তানজিনা রহমান তাসনিম, রাজু আহমেদ, মুস্তাফা শাহরিয়ার রহমান, রাব্বানি অপু, মাইনুদ্দিন মানু, মুনসিফ মিম, জাহিদ মিল্টন, হুমায়রা স্নিগ্ধা, জিলহজ, শাহদাত শিটু, ইমরান আহমেদ রোমান, অরুন্ধতী মুখার্জি, উম্মে হাবিবা প্রমুখ।

মুক্তির পর সিনপাট-এ মুগ্ধ দর্শক, অন্তর্জালে অনেকেই লিখেছেন সিরিজটি নিয়ে তাদের অনুভূতির কথা। এক দর্শক লিখেছেন, নির্মাতা তাওকীরের কাজে নন্দিত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ছায়া পাওয়া যায়।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সমালোচক সাগরনীল তার ইউটিউব চ্যানেল ‘আর্টিস্টিক সেভেনথ সেন্স’-এ সিরিজটি নিয়ে রিভিউ দেন। জানান, সিনপাট মুগ্ধ করেছে তাকে। নিজের রিভিউতে সাগরনীল বলেন, ‘সিরিজের ক্ল্যাইম্যাক্সটা দুর্দান্ত, এটা যেভাবে শুট করা হয়েছে আর যে ঘটনাটি ঘটে দুটোই দেখার মতো। দর্শক হিসেবে আমি খুব তৃপ্তি পেয়েছি।’

ওমর মাসুম, মাইনুল ইসলাম মিলন, অমিত রুদ্র ও খালিদ সাইফুল্লাহ সাইফের সঙ্গে সিরিজটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক। ‘সিনেপাট’-এর সংগীত ও আবহসংগীত পরিচালনা করেছেন কলকাতার নবারুণ বোস। সাউন্ড ডিজাইনে ছিলেন আদীপ সিং মানকি। মেকআপ ও কস্টিউমের কাজটি একা হাতে সামলেছেন সাথী আকতার। শিল্প নির্দেশনা দিয়েছেন অমিত রুদ্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত