সহজ ও সরল ভাষায় গানে গানে প্রেম আর বিরহের গল্প বলার অপর নাম ধ্রুব গুহ। আজ তার জন্মদিন। জন্মদিন মানেই বিশেষ কিছু, অন্যরকম আয়োজন। বিশেষ এই দিন, গান, জীবন ও ব্যস্ততা নিয়ে নানা কথা শুনলেন ইমরোজ বিন মশিউর
স্টাইলিশ ধ্রুব
স্টাইলিশ শব্দটি মানতে নারাজ তিনি। বললেন, আমি যা পরি তা কোনো বিবেচনা ছাড়াই পরি। আমাকে অনেকে স্টাইলিশ বলেন, তবে আমি তা মানতে নারাজ। আমি স্বাভাবিক কাপড়ই পরি, তবে সেটাকে একটু গুছিয়ে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করি। এটাই অন্যের থেকে আমাকে আলাদা করেছে। এটাকে কেউ আলাদা আইডেনটিটি ক্রিয়েটের চেষ্টা বা আলাদা স্টাইল বললে আমি আপত্তি করব না।
প্রিয় গান
‘আমার গাওয়া সব গানই আমার প্রিয়’ নিজের গাওয়া সবচেয়ে প্রিয় গান প্রসঙ্গে বললেন ধ্রুব। বললেন, আমার প্রতিটি গানই আমার ভালো লাগার, ভালোবাসার। এর মধ্যে আলাদা করে একটি বা দুটি গান ভালো লাগার কোনো সুযোগ আমার কাছে নেই। সব গানই আমার কাছে সমান প্রিয়।
সংগীতপ্রেমী
আমার প্রথম পরিচয় আমি একজন মিউজিক লাভার, সংগীতপ্রেমী। আমি ছোটবেলা থেকেই গান শুনি এবং সেটা ধারণ করেই বেড়ে উঠেছি। আমার কাছে গানটা আগে, গান নিয়ে ব্যবসাটা পরে। আমি ঠিকমতো এখনো গান নিয়ে ব্যবসাটা করে উঠতে পারিনি। গান নিয়ে ব্যবসা করার আগে গানের প্রতি আমার ভালোবাসা, টান বা প্রেম সামনে চলে আসে। আমি নিজেকে শুধুই একজন গানের মানুষ বলতে বেশি পছন্দ করি। আমি চেষ্টা করি গানকে প্রাধান্য দিয়ে ব্যবসা করতে। ‘গান দিয়েই মানুষের সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়’ মন্তব্য করে ধ্রুব বললেন তার পরও তো আমাকে ব্যবসা করে সারভাইব করতে হবে, তাই না? ‘গান গাওয়া ছাড়া আমার আর কোনো যোগ্যতা নেই’ উল্লেখ করে এই মিউজিক লাভার বললেন, সবার সব সক্ষমতা থাকে না।
জীবনকে যেভাবে দেখেন
জীবনকে সহজ ও সাদামাটাভাবে দেখা এই মানুষটির শখ গান শোনা। সব ধরনের বিশেষ করে পুরনো দিনের বাংলা গান শোনা তার ভীষণ পছন্দ। অবসর সময়ের বেশির ভাগ কাটে তার গান শোনে। মাঝেমধ্যে বই পড়েন। আর বেড়াতে চান সারা দেশময়। পায়ে মেখে শিশির, দেশের মাটি-কাদা। ঘুরে বেড়াতে চান গ্রাম থেকে গ্রামান্তরে। ফিরে যেতে চান শৈশবে। পানাপুকুরে সাঁতার কাটা, দুরন্তপনা করে সাঁঝবেলাতে ঘরে ফিরতে চান এই গানওয়ালা। বললেন, জীবনকে সুন্দর চোখে দেখি, সুন্দর করে উপভোগ করতে চাই।
প্রেমপর্ব-কথা
প্রেম বা ভালো লাগা, ভালোবাসা সবার জীবনেই আসে। এটা অনেকটা বাধ্যতামূলক। আমার আসেনি তা বলব না। তবে আমি পুরোপুরি কারও প্রেমে পড়িনি। আমার হয়ে ওঠেনি। আসলে সবার সবকিছু হয়ে ওঠে না। আর তা-ই আমি প্রেম আর বিরহের গানের মাঝামাঝি আছি।
এমন গান কি আর হবে?
অপেক্ষায় আছি। আমি তো করতেই চাই। ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’ বা ‘একলা পাখি’র মতো গান আমি আরও করতে চাই। জানি না করতে পারব কি-না। আমি খুঁজি, সেসব গানের কথার মতো কথা। আমি চেষ্টা করি আবার ওইসব গান করতে। আমার চেষ্টা অব্যাহত থাকবে, চেষ্টা চালিয়ে যাব ‘যে পাখি ঘর বোঝে না’র মতো গান করতে।
