দিনাজপুরের চিরিরবন্দরে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ সোমবার (১৫ জানুয়ারি) সকালে ধর্ষণের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। রবিবার সন্ধ্যায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টার সময় এলাকাবাসী ধর্ষককে আটক করে। এর আগে ১১ জানুয়ারি ধর্ষণের শিকার হয় ওই শিশু।
আটককৃত হলেন ৫৪ বছর বয়সী আব্দুল মাবুদ। তিনি চিরিরবন্দর উপজেলার নশরতপুর (নদীরপাড়) গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়, মামলার বাদী একটি হোটেল দোকান রয়েছে। পাশাপাশি তার স্ত্রী স্থানীয় একটি চুলের কারখানায় কাজ করেন। ফলে প্রতিদিন স্বামী-স্ত্রী দুজনেই কাজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত বাইরে থাকে। গত ১১ জানুয়ারি বিকেলে তাদের অনুপস্থিতিতে ১০ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষক আব্দুল মাবুদ জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এসময় কাউকে না বলার জন্য ভয়-ভীতি দেখায়। পরে রবিবার সন্ধ্যায়ও ধর্ষণের শিকার শিশুকে পুনরায় তার বাড়িতে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই শিশু চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আব্দুল মাবুদকে আটক করে পুলিশে খবর দেয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, খবর পেয়ে রবিবার সন্ধ্যায় ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ধর্ষণের শিকার ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
