পাকিস্তান সীমান্তে দুই রক্ষীসহ এক ইরানি কর্নেলকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কর্নেলের নাম হোসেইন আলি জাওয়ানফার। তিনি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তা। গত বুধবার পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান- বেলুচিস্তান প্রদেশের রাজধানী খাশ ও জাহেদানের সংযোগ সড়কে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। নিহত জাওয়ানফার প্রশাসনিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
গণমাধ্যমের খবরে বলা হয়, সুন্নিদের গেরিলা সংগঠন জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগেও প্রদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে আইআরজিসি।
গত মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত হয়। এর ৪৮ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার ইরানে হামলা চালায় পাকিস্তান। তাতে চার শিশুসহ ৯ জন নিহত হয়েছে।
