দেশের বাইরে ক্যাম্প করতে চান কাবরেরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম

ছুটি কাটিয়ে ঢাকায় এসেই কাজে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। আজ বাফুফে ভবনে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। জানিয়েছেন তার সামনের পরিকল্পনা। কাবরেরা বলেছেন, ‘ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। কিন্তু আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে (ক্যাম্প) করা। কারণ সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারবো।’

ফেব্রুয়ারিতে শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ২১ ও ২৬ মার্চ ঘরে-বাইরে ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। ছুটিতে থাকা অবস্থায় নিয়মিত প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খোঁজ রেখেছেন বরে জানান কাবরেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে মোরসালিন, জিকো, তপুদের ফেরা ভালো লেগেছে বাংলাদেশ কোচের। বলেন, ‘তারা অনেকদিন ধরেই আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখন আর সবার মতোই তাদেরকে বিবেচনা করা হবে। জাতীয় দলে জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে, যা খুবই ভালো বিষয়।’

এ বছরটা বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন কাবরেরা, ‘গত বছর থেকে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই দল নিয়ে সমর্থকরা গর্ব অনুভব করেছে। অবশ্যই এ বছর আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ প্রতিপক্ষ আরও কঠিন। ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। কিন্তু বিশ্বাস আছে, আমরা আগেই হাল ছাড়বো না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত