দুই সিটিসহ ২৩৩ নির্বাচনের তফসিল ভোট ৯ মার্চ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:০৮ এএম

জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী দুই সিটিসহ কয়েকটি পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড মিলে এক দিনে ২৩৩টি নির্বাচন হবে। আগামী ৯ মার্চ এসব নির্বাচনের ভোটগ্রহণ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান।

ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আগামী ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলিয়ে ২২৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিটি করপোরেশন ১টি, সিটি করপোরেশন শূন্য পদে ৪টি, পৌরসভার সাধারণ পদে তিনটি, পৌরসভার শূন্য পদে উপনির্বাচন ১৫টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, শূন্য পদে উপনির্বাচন বিভিন্ন পদে ১৯০টি, জেলা পরিষদে শূন্য পদে নির্বাচন ৭টি সব মিলিয়ে ২৩৩টি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী ইসি সচিব বলেন, রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি তারিখ ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৯ মার্চ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট চলবে।

ইসি সচিব বলেন, জেলা পরিষদের নির্বাচনটা একটু ভিন্ন হবে। যারা স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি তারাই ভোট দেবেন। সেক্ষেত্রে সময়সূচি ভিন্ন হবে। সিটি করপোরেশন, পৌরসভা জেলা পরিষদের সাধারণ নির্বাচন ও উপনির্বাচন এ ক্ষেত্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি নির্বাচনগুলোতে স্বচ্ছ ব্যালট বক্সে এবং ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহাংগীর আলম বলেন, ময়মনসিংহ সিটির সাধারণ নির্বাচনে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ৭ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা তাকে সহায়তা করবেন। কুমিল্লার মেয়র পদে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা থাকবেন কুমিল্লার আঞ্চলিক জেলা নির্বাচন কর্মকর্তা।

কুমিল্লা সিটির সীমানা নির্ধারণ চলমান রয়েছে এই কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর মেয়রের শূন্য পদে উপনির্বাচনের আয়োজনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো জটিলতা আছে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, কুমিল্লা নিয়ে জটিলতা আছে কি না সেটা আসলে আইন বলতে পারবে। ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগ থেকে একটি পত্র পেয়েছি। কমিশনে সেটা উত্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্তের বিষয়ে যদি কিছু হয় পরবর্তী সময়ে জানানো হবে।

প্রতীক ছাড়া উপজেলা ভোটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব বলেন, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের বিষয়। স্থানীয় সরকারের নির্বাচনে সত্যিকার অর্থে সবাই অংশগ্রহণ করে। প্রতীক না থাকলে আরও বেশি পার্টিসিপেটরি হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত