দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর দিন গতকাল মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে বিএনপির পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রাজধানীর উত্তর ও দক্ষিণের সাতটি স্পটেও পুলিশি বাধায় কালো পতাকা মিছিল প- হয়ে যায়। রাজধানীসহ সারা দেশে ৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। কর্মসূচিতে অংশ নিতে উত্তরায় পূর্বনির্ধারিত স্পটে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করার অভিযোগ করা হয়। তবে পুলিশ মঈন খানকে আটকের বিষয়টি অস্বীকার করে।
এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, গণফোরাম ও পিপলস পার্টির কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে দলগুলো। তবে ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, বাংলাদেশ লেবার পার্টিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছে।
এদিকে সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির অভিযোগ করে বলেন, ‘সারা দেশে কালো পতাকা মিছিল থেকে ৫০ জনের মতো বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া পুলিশের হামলায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।’ তিনি বলেন, ‘বিএনপি নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে বাগেরহাটের রামপাল থেকে এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের চার নেত্রীকে রাজধানীর উত্তরা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।’
গত ৭ জানুয়ারি নির্বাচনের পর গত ২৬ ও ২৭ জানুয়ারি শুক্র ও শনিবার দুদিন রাজধানী ঢাকাসহ সারা দেশে কালো পতাকা মিছিল করে। এরপর গত শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় গতকালকের কর্মসূচি ঘোষণা করে।
দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা-১২, মিরপুর-১২, বাড্ডা লিংক রোড, পীরজঙ্গি মাজার সড়ক মোড়, নিউমার্কেট, দয়াগঞ্জ ও যাত্রাবাড়ীতে কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, দুপুর ২টার দিকে উত্তরা-১২ নম্বরের কবরস্থানের কাছে কালো পতাকা মিছিলের কর্মসূচিতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। গাড়ি থেকে নামার পরপরই পুলিশ তাকে ঘিরে ফেলে এবং কোনো কর্মসূচি করতে দেবে না বলে জানিয়ে দেয়। একপর্যায়ে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তবে পুলিশ মঈন খানকে আটক করার বিষয়টি অস্বীকার করেছে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান সাংবাদিকদের বলেন, ‘মঈন খানকে আটক করা হয়নি।’
এদিকে রাজধানীর মতিঝিলে পুলিশের ব্যাপক উপস্থিতিতে গ্রেপ্তার আতঙ্কে মাঠেই নামতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। অনুমতি না থাকায় সেখানে কঠোর অবস্থানে ছিল পুলিশ। এরই মধ্যে দুপুর ২টা ২০ মিনিটে মতিঝিলের পীরজঙ্গি মাজার মোড়ে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি গাড়ি থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, ‘মিছিল-মিটিং-শোভাযাত্রা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। আমরা যথারীতি নিয়ম মেনে পুলিশ কমিশনার বরাবর চিঠি দিয়েছি, অবহিত করেছি আমরা সাতটি স্থানে শান্তিপূর্ণভাবে কালো পতাকার এ কর্মসূচি করব। কিন্তু পুলিশ আমাদের সবখানে বাধা দিয়েছে। আমরা পুলিশের এমন কর্মকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘উত্তরা থেকে আমাদের দলের নেতা আবদুল মঈন খানকে পুলিশ আটক করে নিয়ে গেছে। সার্বিক পরিস্থিতি অবলোকন করার পরে আমরা এটাই বুঝছি যে, অযথা আমার কর্মীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, অযথা বাধা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের কর্মসূচি করতে দিচ্ছে না পুলিশ।’
গয়েশ্বর বলেন, ‘আজকে আমাদের নেতাকর্মীরা এখানে এসেছে। তারা ছড়িয়ে-ছিটিয়ে আছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরপরই গয়েশ্বর গাড়িতে করে চলে যান। মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘অনুমতি না থাকায় বিএনপিকে কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু দেশ রূপান্তরকে বলেন, ‘কদমতলীতে নেতাকর্মীরা জড়ো হতে গেলে পুলিশ ধাওয়া দেয়। পীরজঙ্গি মাজার এলাকাতে দাঁড়াতে দেয়নি। পীরজঙ্গি এলাকায় কর্মসূচি করতে না পেরে বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। সেখান থেকে পাঁচজন আটক করা হয়েছে। এ ছাড়া আজিমপুর থেকে ১৫ জন ও দয়াগঞ্জ এলাকায় মিছিল শেষে ফেরার পথে ১০ জনকে আটক করা হয়েছে।’
পূর্বনির্ধারিত স্পটে কালো পতাকা মিছিল করতে না পারলেও শান্তিনগরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে, মিরপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে এবং দয়াগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে কালো পতাকা মিছিল করেছেন নেতাকর্মীরা। তবে নিতাই রায় চৌধুরীর মিছিলে পুলিশ পেছন থেকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে আট নেতাকর্মীকে পুলিশ আটক করে বলে অভিযোগ বিএনপির। রাজধানীর বাড্ডার সুবাস্তু ভ্যালির সামনে বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেয়নি পুলিশ। পরে বাড্ডা এলাকার অন্য স্পটে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের নেতৃত্বে মিছিল করেন নেতাকর্মীরা।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ : কর্মসূচির অংশ হিসেবে বিকেলে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীর কাজীরদেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে গতকাল বিকেলে অনুষ্ঠিত সমাবেশে কালো পতাকা হাতে নেতাকর্মীরা যোগ দেন। পরে সেখানে সমাবেশ করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
মঠবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, কর্মসূচিকে কেন্দ্র করে মঠবাড়িয়া থানা পুলিশ সকাল থেকেই কঠোর অবস্থানে ছিল। বিএনপির পৃথক দলীয় কার্যালয় ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এরই মধ্যে খন্ড খন্ডভাবে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলগুলো পন্ড হয়ে যায়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। তারা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাওসার হোসেন মল্লিক ও পৌর যুবদল নেতা মো. বেল্লাল হোসেন।
রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, শহরের আজাদী ময়দানে দলীয় কার্যালয় থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি কার্যালয় থেকে বের হয়ে অল্প কিছুদূর এলে পুলিশ বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বিকেলে বন্দর থানা বিএনপি ২২ নম্বর ওয়ার্ডের ইটালি বিল্ডিং মোড়ে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হন। এ সময় কালো পতাকা হাতে মিছিল শুরু করলে বন্দর থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশ কালো পতাকা মিছিলে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহানগর বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা পুলিশের বাধায় মিছিল করতে পারেননি।
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন চট্টগ্রাম ব্যুরো, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মঠবাড়িয়া ও ময়মনসিংহ প্রতিনিধি
