আইন অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হতে হবে। দ্বাদশ জাতীয় সংসদের ফলাফলের গেজেট অনুযায়ী এখনো দুই মাসের বেশি সময় থাকলেও তার আগেই সংরক্ষিত নারী আসনের ভোটের কাজ সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যে ভোটের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী আগামী সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
সংবিধান অনুসারে ৫০টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোট দিয়ে থাকেন। যেহেতু দলগতভাবে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, ফলে অন্যবারের মতো এবারও ভোটগ্রহণ হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে সর্বোচ্চ ২২৩টি আসন লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ১৪-দলীয় শরিক জাসদ ১টি ও ওয়ার্কার্স পার্টি ১টি করে আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে।
সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪-দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন-সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে। সে হিসেবে এখন আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকছে ৪৮টি। বাকি দুটি থাকছে জাতীয় পার্টির জন্য।
গতকাল বুধবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত জোটবদ্ধ হওয়া-সংক্রান্ত চিঠি ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে জমা দিয়েছে প্রতিনিধিদল। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
প্রতিনিধি দলের প্রধান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আলাদা চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
হুইপ বলেন, ইসির চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪-দলীয় জোটের আরও দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারাও সম্মতি দিয়েছেন আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবেন, তাদের সমর্থন দেবেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, আওয়ামী লীগের নিজস্ব সংসদ সদস্য ২২৩ ও জোটে ২ জন। সব মিলেয়ে এখন সংরক্ষিত ৫০টির মধ্যে ৪৮টি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবেন।
স্বতন্ত্রদের সঙ্গে আওয়ামী লীগের জোট হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বেচ্ছায় তাদের ভোটাধিকার আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। তারা আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবে তাদের সমর্থন দেবেন, সে সম্মতি জ্ঞাপন করেছেন।
হুইপ বলেন, ইসি সচিব প্রত্যেক স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, তাদের অবস্থান কী। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের ক্ষমতাটি অর্পণ করেছেন। ৬২ জনই তাদের ভোটাধিকার আওয়ামী লীগ সভাপতির কাছে সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তাকে সমর্থন দেবেন।
