পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সব আঞ্চলিক দলকে একত্র হওয়ার আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় প্রধান আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কেন্দ্রীয় শাসন থেকে উৎখাত করার ডাক দিয়েছেন। কলকাতায় গতকাল বৃহস্পতিবার দলীয় অনুষ্ঠান থেকে তিনি এই ঘোষণা দেন।
গতকালের আগের দিন বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে বিজেপিবিরোধী লড়াইয়ে বিভক্তি আনছে ভারতের কমিউনিস্ট পার্টি-মার্কসবাদী (সিপিআইএম) এবং জাতীয় কংগ্রেস।
ভারতের বিরোধীদের জোট ‘ইনডিয়া’-এর অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস। কিন্তু আসন ভাগাভাগিসহ নান ইস্যুতে জোটের অভ্যন্তরে ইতিবাচক অবস্থা নেই। গতকাল মমতা ওই বক্তব্য বস্তুত ইনডিয়া জোটের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরির ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।
গতকাল মমতা বলেন, ‘যদি মানুষ আমাদের সঙ্গে থাকে, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা দিল্লি জয় করব। নির্বাচনের পর আমরা সব আঞ্চলিক দলকে একত্র করব।’ এ সময় তিনি সিএএ ও এনআরসি নিয়ে বিজেপির সমালোচনা করেন।
