কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বসতভিটা থেকে ১২ ফিট একটি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ।
আটক কারবারি মো. হামিদুল ইসলাম (৩৬) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা (ঝালবাজার) এলাকার বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে তার বাড়িতে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানার একটি টিম হামিদুল ইসলামকে আটক করে এবং বাড়ির ভেতরে থাকা গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
