লেখকের পাঠক মন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৯ এএম

গতবার বইমেলায় নিজের বই আসায় উত্তেজনা ছিল প্রবল, প্রথমবার নিজের লেখা অক্ষরগুলোকে মলাটবদ্ধ দেখতে পাওয়া আর নিজের নাম ছাপার অক্ষরে দেখতে পারা ছিল এক দারুণ অভিজ্ঞতা। নানাবিধ কারণে, কিছুটা ব্যস্ততা, কিছুটা আলস্যে এবার নিজের কোনো বই আসছে না। কিন্তু বইমেলা বলে কথা! লেখক হিসেবে কোনো রোমাঞ্চ অনুভব না করলেও, নিজের পাঠকসত্তা তো নড়াচড়া করে জেগে উঠছেই, আর ধূর্ত শিকারির মতো ঘুরে বেড়াচ্ছে ভালো বইয়ের সন্ধানে। গড়পড়তা বইয়ের স্তূপে মননশীল বই খুঁজে বের করা বেশ মুশকিলই বটে। অনেক পাঠকই বইমেলায় গিয়ে ভালো বই খুঁজে না পাওয়ার আওয়াজ তোলেন প্রতি বছরই। তাই বইমেলাতে না থেকেও বইমেলার সঙ্গে যুক্ত থাকার একটি পন্থা বের করেছি এবার। পাঠকদের ভালো বইয়ের সন্ধান দেওয়ার দায়িত্ব তুলে নিয়েছি কাঁধে।

চিন্তাশীল, অন্তর্দৃষ্টিপূর্ণ পাঠকদের জন্য এই বইমেলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই থাকছে। দর্শন, পুরাণ এবং ধর্মতত্ত্বের ওপর বই আছে বেশ কিছু। আরিফ রহমানের ‘মনসুর হাল্লাজের সত্য বলার শখ’, মাহীন হকের অনুবাদে বোয়েথিয়াসের ‘দ্য কনসুলেশন অব ফিলোজফি’ এবং পুলীন বকশীর সুফিবাদের ওপর বই রুমি এবং নারী প্রকাশিত হচ্ছে। কথাপ্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে নৃবিজ্ঞানের ইতিহাস।

এবারের বইমেলায় প্রকাশিতব্য ফিকশনের তালিকাও যথেষ্ট সমৃদ্ধ। পাঠকনন্দিত হরর লেখক তানজিম রহমানের বহুল প্রতীক্ষিত অক্টারিনের দ্বিতীয় কিস্তি ‘অক্টারিন, জগৎ : সবুজ’ প্রকাশ করবেন এই বইমেলায়। হরর উপন্যাসে তানজিম রহমান মুনশিয়ানা দেখিয়েছেন বারবার। এ ছাড়া তার লেখায় সূক্ষ্ম দর্শনের আঁচও পাওয়া যায়। ফিকশনের মধ্যে আরও আছে ওবায়েদ হকের ‘আড়কাঠি’ এবং আলভী আহমেদের পরাবাস্তব উপন্যাস গোস্টরাইটার। গত বছরের বইমেলায় আলভী আহমেদ ‘ফোর ইসটু ওয়ান’ গল্পগ্রন্থ দিয়ে নজর কেড়েছিলেন পাঠকদের। রাজনীতি এবং সমাজচেতনা ইমতিয়ার শামীমের লেখায় সর্বদাই বিদ্যমান, এবার তার সম্পাদনায় আসছে বাংলায় কালজয়ী কথাসাহিত্যিকদের রাজনৈতিক গল্প সংকলন ‘গোপন রাজনীতির গল্প’। হাসান মাহবুব পরাবাস্তবতার বাইরে গিয়ে এই প্রথম ভালোবাসার গল্পের বই ‘মেলোডি তোমার নাম’ প্রকাশ করছেন অনুপ্রাণন প্রকাশনী থেকে।

কবিতা এবং সিনেমা দুটোই পছন্দ করেন যারা, তাদের জন্য সুখবর ওয়াহিদ কায়সার নিয়ে এসেছেন ফিল্মমেকারদের কবিতার একটি সংকলন। জোনাস মেকাস, পিয়ের পাওলো পাসোলিনি, আব্বাস কিয়ারোস্তামি এবং জাঁ ককতোর কবিতার অনুবাদ থাকবে ‘ফিল্মমেকারদের কবিতা’ বইটিতে।

গাজা সংকটের সূত্রপাত হলো প্রায় ৭৬ বছর হতে চলল, কিন্তু গত বছর এই সংকট চরম আকার ধারণ করার পর এই দ্বন্দ্বের কারণ, প্রেক্ষাপট নিয়ে গবেষণা করার বাসনা অনেকেরই আছে। বাংলা ভাষায় এই বিষয় নিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা হাতে গোনা। জোয়েল বিয়েনিন এবং লিসা হাজ্জারের বই ‘ফিলিস্তিন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সংকটের সংক্ষিপ্ত ইতিহাস’ অনুবাদ করেছেন ইরফানুর রহমান রাফিন ও ঈশিকা জাহান মুন। প্রকাশিত হবে ‘স্বরে অ’ থেকে।

একজন লেখকের প্রধান কর্তব্য কিন্তু লেখা নয়, পড়া। তাই এই বছর মনোনিবেশ করেছি পড়াতেই। লেখক হতে উঠতে হলে পড়তে হবে বই। নিজের পাঠক আর লেখকসত্তার বিকাশ একই সঙ্গে ঘটাতে ভালো বই পড়ুন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত