ডেঙ্গুতে মৃত্যুশূন্য ১৩ দিন পার করার পর গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে, আর এ সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন। সবশেষ গত ২১ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর একজনের মৃত্যুর খবর দিয়েছিল, তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ভর্তি রোগীদের মধ্যে ছয়জন ঢাকায় এবং চারজন ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ভর্তি হয়েছে। আর মৃত ব্যক্তি ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছে; তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়েছে ঢাকায়, বাকি ছয়জন ঢাকার বাইরে মারা গেছে।
আর নতুন বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৩ জন হাসপাতালে ভর্তি হলো। তাদের মধ্যে ঢাকায় ৩৭৩ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৭২০ জন। গতকাল সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ১০২ রোগী চিকিৎসা নেয়। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৪৬, আর ঢাকার বাইরে এ সংখ্যা ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে গত বছরই।
