আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে অহেতুক গ্রেপ্তার বা কারাগারে পাঠানোর কোনো ইচ্ছা সরকারের নেই। তবে তার বিরুদ্ধে আদালত যে রায় দেবেন তা বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।’
গতকাল রবিবার রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারিক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘সরকারের গ্রেপ্তারের (ড. ইউনূসকে) কোনো পরিকল্পনা নেই। যে মামলাগুলো চলমান আছে, সেগুলোর বিচার হবে। সেগুলো বিজ্ঞ বিচারকগণ মামলার মেরিটের ওপর রায় দেবেন। সেই রায় কার্যকর করা অবশ্যই সরকারের সেটা দায়িত্ব এবং সরকার সেটা করবে। কিন্তু অহেতুক ড. ইউনূসকে গ্রেপ্তার বা জেলে নেওয়ার ইচ্ছা সরকারের নেই।’
সাগর-রুনি হত্যাকান্ডের বিচার প্রসঙ্গে আনিসুল হক বলেছেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সাগর-রুনির হত্যাকারী আসল অপরাধীদের ধরে তাদের বিচার করা হবে। এই হত্যার বিচার হারিয়ে যাবে না। এখন সেই অপসংস্কৃতি আর নেই যে কোনো হত্যাকান্ড বিচার ছাড়া আমাদের মন থেকে হারিয়ে যাবে। যারা হতাশ হয়েছেন, তাদের আমি আশ্বস্ত করতে চাই এই হত্যাকান্ডের বিচার হবে। এই হত্যাকান্ডের বিচার হওয়ার জন্য যে যে পদক্ষেপ সরকারের নেওয়া উচিত, নিশ্চয়ই সেটা সরকার নেবে এবং সেটা যদি মনে হয় র্যাবের কাছ থেকে তদন্তের জায়গা পরিবর্তন করা, সেটাও যদি দরকার হয় অবশ্যই আমরা করব। কিন্তু র্যাবের ব্যর্থতা আছে বলে আমি মনে করি না। বাস্তবতা হচ্ছে ঘটনাটা যেমনভাবে ঘটেছে, এটা যেকোনো ইনভেস্টিগেটিং এজেন্সির জন্য এটা একটু কঠিন। সে জন্যই আমি বলব, একটু অপেক্ষা করার প্রয়োজন আছে।’
গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ জামিন পেলেও মির্জা ফখরুলসহ অনেকে এখনো জামিন পাননি এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আমি কিন্তু আদালত না। আদালত বিবেচনায় জামিন দেন, জামিন নামঞ্জুর করেন। সেটা আদালতের ব্যাপার।’
