বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হচ্ছে আজ। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযোগে কোম্পানিটির লেনদেন শুরু হবে। গতকাল ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ তথ্য জানিয়েছে। রাজধানীর তারকা হোটেল লা মেরিডিয়ানের মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে বেস্ট হোল্ডিংস।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ‘এন’ শ্রেণিভুক্ত হয়ে বেস্ট হোল্ডিংসের লেনদেন শুরু হবে। এরই মধ্যে কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও শেয়ার বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসেবে পাঠিয়েছে।
আইপিওতে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করে কোম্পানিটি। এর মধ্যে ৯৩ কোটি টাকা সংগ্রহ করা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রতিটি শেয়ার কিনেছেন ৩৫ টাকায়। এ ছাড়া ৬৬ কোটি টাকার শেয়ার কোম্পানিটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রাখা হলেও শেষ পর্যন্ত তারা শেয়ারের আবেদন করেননি। ফলে নিয়ম অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার আইপিওতে যুক্ত করা হয়। ফলে আইপিওর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২৫৬ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২৪ টাকা।
