ইরান কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক ও প্রতিযোগী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৯ এএম

ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪০তম আসর। এতে বিচারক হিসেবে অংশ নেবেন বাংলাদেশের নন্দিত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী। আর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কয়েকটি গ্রুপে অংশ নেবেন বাংলাদেশের তিন প্রতিযোগী।

বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ বুধবার ঢাকা ত্যাগ করবেন তিনি। ইরানের তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হেফজ, কেরাত ও তাফসিরসহ মোট ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ইরানের রাষ্ট্রপতি ইবরাহিম রাঈসি বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মধ্যে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে আহমাদ বিন ইউসুফ এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রথমবারের মতো কেরাতে ৩য় স্থান অর্জন করেন এবং বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরও একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা শেষে কারি আহমাদ ইউসুফ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে কেরাতের রূপকার কারি মুহাম্মাদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে। প্রতিযোগিতায় বাংলাদেশ অংশ নেবেন তিনজন প্রতিযোগী। তন্মধ্যে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আকমল আহমাদ বড়দের পূর্ণ হেফজ গ্রুপে, কেরাত গ্রুপে হাফেজ মুশফিকুর রহমান প্রতিযেগিতায় অংশ নেবেন। আর ছোটদের পূর্ণ হেফজ গ্রুপে হাফেজ বশির আহমদ বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।

হাফেজ বশির আহমদ গত সপ্তাহের আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। এর আগে ২০২১ সালে পিএইচপি কোরআনের আলোতে ৩০ হাজার হাফেজদের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। সে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত ৩০৬ উত্তর দনিয়া যাত্রাবাড়ী-ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। সে মাত্র ৫ মাসে সমস্ত কুরআন মুখস্ত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত