বাবার যেকোনো প্রাপ্তি চোখে জল এনে দেয়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ এএম

বাবা অভিনেতা আলমগীর একুশে পদক পেতে যাচ্ছেন। যখন এ খবর শুনলেন উচ্ছ্বাস প্রকাশ করলেন কন্যা আঁখি আলমগীর। বাবার এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দিত হয়েছেন তিনি। যদিও মনে করছেন, এটা তার বাবার আরও আগেই পাওয়ার কথা ছিল।

আঁখি আলমগীর বলেন, আমি মনে করি আমার বাবা দেশের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনয়শিল্পী। বাবার এই রাষ্ট্রীয় সম্মাননা আরও আগেই পাওয়া দরকার ছিল। তারপরও আমি ভীষণ খুশি। অন্তত তিনি জীবদ্দশায় এই পুরস্কারটা পেয়েছেন। বাবার সব প্রাপ্তিতেই আমার চোখে জল চলে আসে। স্বাভাবিকভাবেই মঙ্গলবার সন্ধ্যায় যখন শুনলাম আমার বাবা এম এ আলমগীর একুশে পদক পাচ্ছেন, চোখে জল চলে এসেছে।

আঁখি আলমগীর নিজেও প্রখ্যাত কণ্ঠশিল্পী। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সম্মাননাপ্রাপ্তির এই আনন্দটা একেবারে অন্য রকম বলে জানালেন গায়িকা। বললেন, নিজের আর বাবার প্রাপ্তি দুটো একেবারেই ভিন্ন রকম। দুটো একেবারে ভিন্ন অনুভূতি। আমি দুই-দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। এতে আমি ভীষণ খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। পুরস্কার গ্রহণের অভিজ্ঞতাও দারুণ। কিন্তু বাবার প্রাপ্তি আমাকে যে আনন্দ দেয় তা নিজের প্রাপ্তির আনন্দের সঙ্গে মেলে না। ওই যে বললাম, বাবার সব প্রাপ্তিতে চোখে জল চলে আসে।

আঁখি আলমগীর এখন ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন মঞ্চে পারফর্ম করে। তার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন তিনি খুলনায়। রাতে খুলনা ক্লাবে পারফর্ম রয়েছে। বললেন, সামনে মুক্তির অপেক্ষায় আমার তিনটি গান রয়েছে। শওকত আলী ইমনের সঙ্গে একটি দ্বৈত গান করেছি। আরেকটি করেছি বেলাল খানের সঙ্গে। একটি একক গান রয়েছে। শিগগির এসব মুক্তি পাবে। তবে এখন আমি আসলে স্টেজ পারফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত