সহিংসতার সব মামলায় জামিন ফখরুল খসরুর

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৬ এএম

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় করা সব মামলায় জামিন পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সর্বশেষ প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় তারা জামিন পেয়েছেন।

গতকাল বুধবার এই মামলায় মির্জা ফখরুল ও আমীর খসরুকে জামিন দিয়েছেন ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের। পাঁচ হাজার টাকা মুচলেকায় দুজনের জামিন মঞ্জুর হয়।

মির্জা ফখরুল ও আমীর খসরু সাড়ে তিন মাস ধরে কারাগারে আছেন। 

তাদের আইনজীবীরা বলেন, সব মামলায় জামিন হওয়ায় এবং নতুন কোনো মামলা না হলে বিএনপির শীর্ষস্থানীয় এ দুই নেতার কারামুক্তিতে বাধা নেই।

২৮ অক্টোবরের ঘটনায় পুলিশ কনস্টেবল হত্যা, প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে পুলিশের পক্ষে রাজধানীর বিভিন্ন থানায় মোট ১১টি মামলা হয়। মির্জা ফখরুলকে সবকটি মামলায় আসামি করা হয়। গত ১০ জানুয়ারি ৯টি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান মির্জা ফখরুল। এরপর ১৭ জানুয়ারি পল্টন থানার এক মামলায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন পান তিনি। গতকাল পর্যন্ত ১০টি মামলায় জামিনে ছিলেন তিনি।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় ম্যাজিস্ট্রেট ও মহানগর দায়রা আদালতে জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন মির্জা ফখরুল। গত ১০ জানুয়ারি তার জামিন প্রশ্নে রুল খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর এই মামলায় জামিন পেতে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে গত ১ ফেব্রুয়ারি আবেদন নামঞ্জুর হয়। এরপর মহানগর দায়রা আদালতে আবেদন করেন তিনি।

অন্যদিকে আমীর খসরুকে আসামি করা হয় ১০টি মামলায়। গত ১৭ জানুয়ারি  তিনি দুই মামলায় ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান। ১৮ জানুয়ারি জামিন পান চার মামলায়। এরপর ২১ জানুয়ারি আরও দুই মামলায় এবং ২৪ জানুয়ারি ম্যাজিস্ট্রেট আদালত থেকে আরও এক মামলায় জামিন মেলে তার। গতকাল পর্যন্ত তিনি জামিনে ছিলেন ৯টি মামলায়।

আদালতে বিএনপির দুই শীর্ষ নেতার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আরও ছিলেন আইনজীবী এম. মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ ও মহিউদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি (পিপি) আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ্ দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের জানা মতে, দুজনের বিরুদ্ধে আর কোনো নতুন মামলা নেই। জামিনের এ আদেশের ফলে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই।’

২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে আটকের পর প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে আমীর খসরুকে গ্রেপ্তার করা হয় গত বছরের ৩ নভেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত