ড. ইউনূস ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৩ এএম

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে ‘যেসব ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে’ তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ড. ইউনূসকে ‘জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার’ উল্লেখ করে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগ প্রকাশ করেন।

গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যেসব ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে, তাতে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন। ব্রিফিংয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বলেছেন, সরকারদলীয় লোকজন তার গ্রামীণের সব কার্যালয় দখল করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র জানেন যে তার (ড. ইউনূস) বিরুদ্ধে নতুন অভিযোগপত্র দিয়েছে সরকার। তার গুরুতর পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিব কি জানেন?’

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, তারা খুব ভালো করেই অবগত। আবার বলতে হচ্ছে, ইউনূস বছরের পর বছর জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার। তিনি আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক উভয়ভাবে জাতিসংঘের পক্ষ সমর্থন করে যাচ্ছেন। সাধারণভাবে জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যকেন্দ্রিক বেশ কিছু উদ্যোগে তিনি সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি জাতিসংঘের উন্নয়নকাজে সহায়তা করছেন। তার সঙ্গে সম্পর্কিত ঘটনাবলি নিয়ে যে খবরাখবর বাংলাদেশ থেকে তারা আসতে দেখেছেন, তাতে তারা খুবই উদ্বিগ্ন।

এর আগে গত মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে । আমরা লক্ষ্য করেছি, শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচারকাজ চালানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন আরও মামলার চার্জশিট অনুমোদন করেছে, যা বিশ্ব জুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে।’

গত বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস গ্রামীণ টেলিকমসহ আটটি প্রতিষ্ঠান দখল হওয়ার কথা তুলে ধরে বলেন, ‘আমরা ভয়ংকর পরিস্থিতিতে আছি। কারণ, আমাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল হয়ে গেছে। গ্রামীণ ব্যাংক এখন নিজেদের মতো করে এসব প্রতিষ্ঠান চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ ব্যাংক ভবনে তালা মেরে রেখেছে। নিজের বাড়িতে অন্য কেউ যদি তালা মারে, তখন কেমন লাগার কথা আপনারাই বলেন। তাহলে দেশে আইন-আদালত আছে কীসের জন্য?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত