রমজানে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ এএম

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আসন্ন রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে গমন, নামাজ আদায় ও জিয়ারত (পরিদর্শন) নিষিদ্ধ করার প্রস্তাব করার পরে ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন। মন্ত্রী ইতামার বেন-গভির প্রস্তাব করেন, ৭০ বছরের কম বয়সী যেকোনো ফিলিস্তিনিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আল-আকসা মসজিদে অনুমতি দেওয়া উচিত নয়।

চরমপন্থি রাজনীতিকের অবস্থান সত্ত্বেও ইসরায়েলি পুলিশ তার এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। পুলিশ ৪৫ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে। এদিকে মসজিদে প্রবেশের সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রস্তাবের পরে বাইডেন প্রশাসনও উদ্বেগ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে, এই ধরনের নিষেধাজ্ঞা এই অঞ্চলে উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। এর মধ্যে, আর্জেন্টিনার উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ের মিলির ইসরায়েল সফর ঘিরে এই অঞ্চলে আরও উত্তেজনা প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গত রমজানে সব বয়সের নারী, ১২ বছর পর্যন্ত পুরুষ শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল। এছাড়া জানানো হয়েছিল, ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা ইসরায়েলের অনুমতি নিয়ে আল-আকসায় প্রবেশ করতে পারবেন। আরও বলা হয়েছিল, পশ্চিম তীরের ৪৮টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য ফিলিস্তিনিদের ‘নিরাপত্তা অনুমোদন’ নিতে হবে। একইসঙ্গে বিদেশিরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে চান তাদেরও এই অনুমোদন নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত