আবাহনীকে জিততে দেয়নি মোহামেডান

মোহামেডান ২-২ আবাহনী

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

ফেডারেশন কাপের গ্রুপপর্বে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারানো ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল। নয় দিন পর ফের পিছিয়ে পড়া। এবার দুই গোলে। তারপরও মোহামেডানকে হারাতে পারেনি আবাহনী। ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগের শেষ ম্যাচটা আকাশীদের চির প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ২-২ ড্রয়ে। সুলেমান দিয়াবাতের দু'বারের সফল পেনাল্টি প্রথমপর্বে মোহামেডানকে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানেই রাখলো। অন্যদিকে নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় মোহামেডানকে টপকে সুযোগ কাজে লাগাতে পারেনি আবাহনী। তাদের প্রথমপর্ব শেষ করতে হচ্ছে তিনে থেকে।

অথচ ম্যাচের দ্বিতীয় মিনিটেই আবাহনী এগিয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান ব্রুনো রোকার অসাধারণ সেটপিসে। দ্বিতীয়ার্ধে সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট ব্যবধান দ্বিগুণ করলে এক ম্যাচ বাদ দিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ছয়বারের শিরোপাধারী আবাহনী। ৬৮ ও ৮৭ মিনিটে পাওয়া দু'টি পেনাল্টি থেকে গোল করে মোহামেডানের এক পয়েন্ট নিশ্চিত করেন মালির ফরোয়ার্ড দিয়াবাতে। এই ড্রয়ে প্রথমপর্বে একমাত্র দল হিসেবে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন থাকে সাদা-কালোদের।

ম্যাচসেরা আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো রোকা

সাম্প্রতিক লড়াইগুলোতে আবাহনী-মোহামেডানের আগের উত্তেজনা বেশ ভালোভাবেই ফিরেছে। মাঠের উত্তেজনার আঁচ প্রায়ই লাগে বাইরেও। তাই তো ড্রয়ের কষ্টটা আবাহনীর বেড়েছে ম্যানেজার কাজী নজরুল ইসলামের লালকার্ড দর্শনে। দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো লালকার্ড দেখতে হয় আবাহনীর নয়া ম্যানেজারকে। ৯ ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট। আবাহনী তাদের পেছনে আছে দুই পয়েন্ট কম নিয়ে। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ঘরের মাঠে খেলছে শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে।

ম্যাচের শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রতিপক্ষকে চেপে ধরে গোল আদায় করে নেয় আবাহনী। দ্বিতীয় মিনিটে বক্সের বাঁ দিক থেকে ব্রুনো রোকার ফ্রি-কক বাতাসে বাঁক খেয়ে দূরের পোস্টে জড়ায়। লিড নেওয়ার পর আবাহনীর খেলার ছন্দপতন ঘটে। পিছিয়ে পড়ার ধাক্কা সামলে মোহামেডান আক্রমণে যেতে থাকে। একাদশ মিনিটে মোজাফ্ফরভের ফ্রি-কিক ক্রসবারের উপরের ভাগে লেগে বাইরে যায়। ছয় মিনিট পর বক্সের জটলা থেকে রিয়াদুল রাফির শট আটকে দেন আবাহনী কিপার পাপ্পু হোসেন।

২৩ মিনিটে মোজাফফরভের আরেকটি ফ্রি-কিক একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৩৮ মিনিটে এই উজবেক প্লে-মেকারের ভলি রুখে দিয়ে প্রথমার্ধে আবাহনীর লিড অক্ষুন্ন রাখেন পাপ্পু। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মোহামেডানের রক্ষণ আলগা হওয়ার সুযোগ কাজে লাগায় আবাহনী। ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাওয়ের ক্রসে ব্রুনো হেড করেছিলেন। সামনে সতীর্থ টনি থাকায় সেটা ঠিকঠাক দেখতে পারেননি মোহামেডান কিপার সুজন। ব্রুনোর সেই হেড কর্নেলিয়াস স্টুয়ার্টের কাছে আসলে ফাঁকা পোস্টে বল জমা করতে ভুল করেননি। দুই গোলে পিছিয়ে পড়া মোহামেডানকে ম্যাচে ফিরতে সহায়তা করেছে আবাহনীর রক্ষভাগ।

৬৭ মিনিটে ডিফেন্ডার রেজাউল করিম একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল তুলে দেন বক্সে থাকা এমানুয়েল সানডের পায়ে। বিপদ বুঝে এই নাইজেরিয়ানকে পেছন থেকে ফাউল করলে রেফারি সায়মান সানি পেনাল্টির বাঁশি বাজান। তা থেকে গোল করে ব্যবধান কমান দিয়াবাতে। ৭২ মিনিটে দুর্ভাগ্য পিছু নেয় আবাহনীর। বক্সের বাইরে থেকে ব্রুনোর জোড়ালো শট পোস্টে লেগে ফিরলে ব্যবধান বাড়ানো হয়নি আকাশীদের। উল্টো ৮৬ মিনিটে আরেকবার পেনাল্টি বাঁশি বাজে তাদের বিপক্ষে। এবার দলের রক্ষণে যোগ দেওয়া ওয়াশিংটনের হাতে আঘাত করে জটলায় আসা একটি বল, যা চোখ এড়ায়নি রেফারির। তা থেকে দু'বারের চেষ্টায় ২-২ করেন দিয়াবাতে।

যদিও রেফারির পেনাল্টির সিদ্ধান্তে উত্তাপ ছড়ায় আবাহনীর ডাগআউটে। দিয়াবাতে শট নেওয়ার আগ মুহূর্তে রেফারি সানি চতুর্থ রেফারির সঙ্গে কথা বলে সরাসরি লালকার্ড দেখান আবাহনীর ম্যানেজার নজরুলকে। তাতে ক্ষোভটা বেড়ে যায় খেলোয়াড়দের। নজরুলকে লালকার্ডের প্রতিবাদে আবাহনীর ফুটবলাররা মাঠ ছাড়ার উদ্যোগ নিয়েছিল। তারা অবস্থান নিয়েছিল নিজেদের ডাগআউটের সামনে। পরে অবশ্য তারা মাঠে ফিরেছে। তবে জয়টা ছোঁয়া হয়নি। ফলে মোহামেডানের বিপক্ষে টানা চার ম্যাচ জয়হীন থাকতে হলো আবাহনীকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত