বুন্দেসলিগার শিরোপা লড়াইয়ে অনেকটা এগিয়ে গেছে লেভারকুসেন। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের পরিস্থিতি আরও খারাপ হতে পারত গতকাল রাতে লাইপজিগের কাছে পয়েন্ট হারালে।
তবে যোগ করা সময়ে দারুণ এক গোলে বায়ার্নকে জয় এনে দেন হ্যারি কেইন। ইংলিশ স্ট্রাইকারের জোড়া গোলে বায়ার্ন ম্যাচ জিতেছে ২-১ গোলে।
সমান ২৩ ম্যাচ শেষে লেভারকুসেনের পয়েন্ট ৬১, বায়ার্নের ৫৩। এখনও ৮ পয়েন্টে ব্যবধান। তবে এখনি শিরোপা নিয়ে আশা ছাড়ছেন না কেইন।
ম্যাচ শেষে কেইন বলেন, ‘আমরা যা করছি, তা আমাদের করে যেতে হবে। ম্যাচ জিততে পারাটা খুব ভালো। এ ধারা মৌসুমের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে।' বুন্দেসলিগায় ২৭ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ গোল করা কেইন যোগ করেন, ‘আমরা হাল ছাড়ব না। আমরা থামব না।’
