রান্নাঘরে দ্রুত নোংরা হয় গ্যাসের চুলা। তাই রান্না শেষে প্রতিদিনই কমবেশি গ্যাসর চুলা পরিষ্কার করতে হয়। রান্নাঘরে থাকা এমন জিনিস দিয়েই গ্যাসের চুলা পরিষ্কার করতে পারবেন। কীভাবে চুলা পরিষ্কার করবেন জেনে নিন।
আলু এবং গ্লিসারিন : আলু এবং গ্লিসারিন চুলার জেদি দাগ তুলতে দারুণ কাজ করে। একটি পাত্রে ৩ চামচ আলুর রস আর ২ চামচ গ্লিসারিন ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ দাগের জায়গায় লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ১৫ মিনিট পরে ব্রাশ দিয়ে ঘষলে দাগ চলে যাবে।
ভিনেগার : এক লিটার পানি ফুটিয়ে নিতে হবে। এরপর এই ফোটানো পানিতে ৩ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। গরম পানিতে ভিনেগার মেশানোর পর পরই সেটা গ্যাস ওভেনের দাগের ওপর ছড়িয়ে দিন। তারপর ব্রাশ দিয়ে ঘষে ময়লা তুলে ফেলুন। প্রতিদিন ব্যবহারে এক সপ্তাহের মধ্যেই ওভেন হবে ঝকঝকে পরিষ্কার।
ট্যালকম পাউডার : ট্যালকম পাউডার গ্যাস ওভেনের ময়লাও দারুণভাবে শুষে নেয়। দাগের পরিমাণ বুঝে বেশ খানিকটা ট্যালকম পাউডার চুলার ওপর ছড়িয়ে দিন। দশ মিনিট পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে শুরু করুন। শুকনো পাউডারের কারণে প্রথমে অর্ধেক ময়লা উঠে আসবে। বাকি ময়লা তুলতে কুসুম গরম পানি ব্যবহার করুন।
দুধ এবং কর্নফ্লাওয়ার : কর্নফ্লাওয়ারকে স্পট রিমুভার হিসেবে ব্যবহার করতে পারবেন। ৩ টেবিল চামচ দুধ আর ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে চুলার দাগে ২-৩ ঘণ্টা লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন।
তেল এবং ডিটারজেন্ট : চুলার দাগের জায়গায় ১ টেবিল চামচ তেল মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পরে কাপড় দিয়ে ঘষে ঘষে দাগ তুলুন, পুরো দাগ না উঠলে একটা বাটিতে ৩ টেবিল চামচ লিকুইড ডিটারজেন্ট আর অল্প পানি মিশিয়ে পেস্ট বানান। এবার ব্রাশে এই পেস্ট লাগিয়ে দাগের জায়গাটা ঘষুন বাকি অর্ধেক দাগ চলে যাবে।
লেবু এবং লবণ : গ্যাস বার্নার পরিষ্কার করতে ১টি বড় লেবুর রস চিপে আধা কাপ গরম পানিতে মিশিয়ে বার্নার ডুবিয়ে রাখুন সারা রাত। তারপর সকালে বার্নার উঠিয়ে নিন এবং ওই লেবুর খোসার মধ্যে ১ চা চামচ লবণ লাগিয়ে খোসা দিয়ে বার্নারটা ঘষে পরিষ্কার করুন। বার্নার পিতলের না হলে এই টেকনিক ফলো করবেন না।
তেঁতুল এবং ডিটারজেন্ট : তেঁতুল এবং ডিটারজেন্ট দিয়েও সহজে বার্নার পরিষ্কার করতে পারেন। ১ কাপ গরম পানিতে ১ টেবিল চামচ তেঁতুল এবং ১ চা চামচ ডিটারজেন্ট দিয়ে গুলে নিন। বার্নার আলাদা করে এই মিশ্রণে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন।
