রক্তচাপ মাপার সময় যা খেয়ালে রাখতে হবে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম

বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এটি নীরবে নিভৃতে হৃৎপি-, বৃক্ক ও চোখের ক্ষতি ডেকে আনে। উচ্চ রক্তচাপ নির্ণিত হলে এটি নিয়ন্ত্রণের জন্য যাপিতজীবনে পরিবর্তনের পাশাপাশি ওষুধ সেবন করতে হয়। সঠিকভাবে রক্তচাপ পরিমাপ করা জরুরি। হাসপাতালে কিংবা চেম্বারে ডাক্তারের কাছে এলে মানসিক উদ্বিগ্নতা কিংবা দুশ্চিন্তার প্রভাবে রক্তচাপ কিছুটা বেড়ে যায়। এমন ঘটনা ঘটতে পারে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তির ক্ষেত্রে। এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। সে জন্য ডাক্তারের চেম্বারে রক্তচাপ বেশি পেলে হুট করে বলে দেওয়া যায় না, এটি সত্যিকার উচ্চ রক্তচাপ। বাসায় স্বাচ্ছন্দ্য পরিবেশে উদ্বেগমুক্ত অবস্থায় পরিমাপ করা রক্তচাপ হলো আদর্শ রক্তচাপ।

রক্তচাপ মাপার সময়

রক্তচাপ মাপার সময় রোগীকে বসতে হবে আরামপ্রদ অবস্থায়। চেয়ারে পিঠ লাগিয়ে। বসা অবস্থায় রক্তচাপ পরিমাপ হলো আদর্শ। হাত রাখতে হবে হৃৎপি- বরাবর। হাত ঝুলিয়ে দিলে কিংবা পা ক্রস করে বসলে রক্তচাপ সামান্য বেশি হতে পারে। শোয়া, বসা কিংবা দাঁড়ানো অবস্থায় রক্তচাপ ভিন্ন হয়ে থাকে। সাধারণত শোয়া অবস্থায় রক্তচাপ বেশি থাকে। দাঁড়ানো অবস্থায় রক্তচাপ সামান্য কমে যায়। সিস্টোলিক রক্তচাপ ২০ এবং ডায়াস্টোলিক যদি ১০ কমে যায় তাহলে তাকে বলে পশ্চুরাল হাইপোটেনশন। বৃদ্ধ বয়সে কিংবা ডায়াবেটিস রোগীদের এই তারতম্য বেশি হয়ে থাকে। এমনটি হলে বসা থেকে দাঁড়ালে চোখে ঝাপসা লাগে। মাথা ঘুরায়।

সে জন্য বয়স্ক কিংবা ডায়াবেটিস রোগীদের শায়িত ও দাঁড়ানো অবস্থায় রক্তচাপ মাপা দরকার। রক্তচাপ পরিমাপের ৩০ মিনিট আগে কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ করা যাবে না। মূত্রথলি পূর্ণ অবস্থায় রক্তচাপ মাপা ঠিক নয়। সে জন্য প্রেশার মাপার আগে প্রস্রাব সেরে নিতে হবে। এটি মাপার আগে পাঁচ মিনিট অন্তত চেয়ারে বিশ্রাম নিতে হবে।

দিনে রাতে বিভিন্ন সময় রক্তচাপ বিভিন্ন হতে পারে। সবচেয়ে কম রক্তচাপ থাকে সকাল বেলা আর সবচেয়ে বেশি রক্তচাপ হয় বিকেল চারটা থেকে ছয়টার সময়। রক্তচাপ পরিমাপের আদর্শ সময় হলো সকাল বেলা। ঘুম থেকে ওঠার পর প্রস্রাব পায়খানা সেরে পাঁচ মিনিট বিশ্রাম নিন। চা, কফি কিংবা কোনো ওষুধ গ্রহণের আগে রক্তচাপ মাপুন। এ সময় কোনো পেপার-পত্রিকা কিংবা ই-মেইল দেখা থেকে বিরত থাকুন। এগুলো আপনার রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে। মিনিটখানেক ব্যবধানে দুবার রক্তচাপ মাপুন।

প্রেশার কাপ যাতে হাতে ঢিলেঢালাভাবে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আঁটসাঁট কিংবা মোটা কাপড়ের ওপরে প্রেশার পরিমাপ করা ঠিক হবে না। প্রেশার মাপার কাপ ত্বকের সংস্পর্শে থাকলে সবচেয়ে ভালো। কাপ হতে হবে সঠিক মাপের। মোটাসোটা মানুষদের জন্য আলাদা কাপ ব্যবহার করতে হবে। ছোটদের জন্য রক্তচাপ পরিমাপের কাপ হবে ছোট। নয়তো রক্তচাপ সঠিক পরিমাপ হবে না। রক্তচাপ পরিমাপের সময় কথাবার্তা বলা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত