কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে আরও ১ হাজার ২৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে নতুন ১ হাজার ১৪১ জন। বাকি ১০৯ জন ভাসানচর থেকে আত্মীয়-স্বজনদের কাছে বেড়াতে এসেছিলেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়া কলেজ মাঠ থেকে তাদের বাসে করে চট্টগ্রামে পাঠানো হয়। সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে গতকাল শুক্রবার দুপুরে তাদের ভাসানচরে নেওয়া হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দেওয়া তথ্যমতে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে আরও ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের আশ্রয়শিবিরে পাঠানো হয়েছে। তাদের ২৫টি বাসে করে প্রথমে চট্টগ্রাম পর্যন্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মালামাল বহনের জন্য আটটি কাভার্ডভ্যান ও জরুরি চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স ছিল বহরে। রওনা দেওয়ার আগে উখিয়া কলেজ মাঠে তাদের রাতের খাবার খাওয়ানোর পর স্বাস্থ্য পরীক্ষা করে গাড়িতে তোলা হয়।
