মূল্যস্ফীতির কমাতে বাজারে টাকার সরবরাহ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে সুদের হারও বাড়ছে ধারাবাহিকভাবে। চলতি মাসে ঋণের সুদহার উঠেছে ১৩ দশমিক ১১ শতাংশ। যা এর আগের মাস ফেব্রুয়ারিতে ছিল ১২ দশমিক ৪৩ শতাংশ।
বর্তমানে যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, তা হলো সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) হিসেবে পরিচিত। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারিতে ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহার (স্মার্ট রেট) ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। এটি গত জানুয়ারিতে ছিল ৮ দশমিক ৬৮ শতাংশ। গত জুলাই থেকেই এটি ধারাবাহিকভাবে বাড়ছে।
ফেব্রুয়ারিতে ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ৩ দশমিক ৫০ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে মার্চে ঋণ দিতে পারবে ব্যাংক। সেই হিসাবে ২০২৪ সালের তৃতীয় মাস মার্চে বড় অঙ্কের ঋণে সর্বোচ্চ ১৩ দশমিক ১১ শতাংশ শতাংশ সুদ নিতে পারবে।
তথ্য অনুযায়ী, চলতি মার্চ মাসে ভোক্তা ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১১ শতাংশে, যা আগের মাসে ছিল ১৩ দশমিক ৪৩ শতাংশে। প্রি-শিপমেন্ট রপ্তানি, কৃষি ও পল্লী ঋণের ‘স্মার্ট’ হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ হারে মার্জিন যোগ হবে। অর্থাৎ মার্চ মাসে প্রি-শিপমেন্ট রপ্তানি ঋণ এবং কৃষি ও পল্লী ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৪ দশমিক ১১ শতাংশ। যা ফেব্রুয়ারিতে ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জানুয়ারিতে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ।
