নদী থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে—হত্যা

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৫:১৬ পিএম

শরীয়তপুরের জাজিরায় নদী থেকে জামাল শিকারী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রবিবার (৩ মার্চ) বিকেলে উপজেলার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকার পদ্মা শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, জামালকে হত্যা করা হয়েছে। হত্যার পর তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

নিহত জামাল শিকারী কাজীরহাট এলাকার মৃত রতন শিকারীর ছেলে। পেশায় একজন নছিমন চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নিখোঁজ হন জামাল শিকারী। পরে রবিবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা জামাল শিকারীর মরদেহটি কাজীরহাট নতুন ব্রিজের কাছে নদীতে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নৌ-পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত জামালের বড় ভাই বাচ্চু শিকারী বলেন, জামাল ভবঘুরে প্রকৃতির লোক ছিল। তাকে কারা যেন হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাচ্ছি।

মাঝিরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, জামাল শিকারীর মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত