মহিলাদের তারাবির জামাত
হাফেজা নুজহাত নুসাইবা, ঢাকা
প্রশ্ন : মহিলার ইমামতিতে শুধু মহিলাদের নামাজের জামাত করার বিধান কী? কোনো মেয়ে যদি কোরআনের হাফেজা হয় এবং হিফজ চর্চা ঠিক রাখার জন্য রমজান মাসে তারাবি নামাজের জামাত করে, যে জামাতে শুধু মহিলারাই অংশগ্রহণ করবে। তাহলে কি হাফেজা মেয়ের ইমামতিতে মহিলাদের জামাতবদ্ধ হয়ে তারাবির নামাজ আদায় বিশুদ্ধ হবে?
উত্তর : সব ধরনের নামাজে মহিলার ইমামতিতে শুধু মহিলাদের নামাজের জামাত করা মাকরুহে তাহরিমি। কোরআনে কারিমের হিফজ চর্চা ঠিক রাখার জন্য হাফেজা মেয়ের ইমামতিতে শুধু মহিলাদের তারাবির জামাতও এই হুকুমের অন্তর্ভুক্ত। তবে জামাতের সঙ্গে তারাবির নামাজ যদি আদায় করে ফেলে এবং হাফেজা ইমাম যদি মুসল্লিদের থেকে আগে বেড়ে সামনের কাতারে একাকী না দাঁড়ায় বরং মুসল্লিদের সঙ্গে একই কাতারের মধ্যে দাঁড়ায় তাহলে নামাজ মাকরুহে তানযিহির সঙ্গে আদায় হয়ে যাবে। ফতোয়া কাসেমিয়া ৭/৩০৯
বৃদ্ধ মা-বাবাকে রেখে অন্যত্র চলে যাওয়া
জুনাঈদ আহসান শাওন, নারায়ণগঞ্জ
প্রশ্ন : এক লোকের কর্মক্ষেত্র নিজ বাড়ি থেকে অনেক দূরে। কর্মক্ষেত্রে আসা যাওয়ার সুবিধার্থে বয়োবৃদ্ধ মা-বাবাকে নিজ বাড়িতে একা রেখে সেখানে গিয়ে বসবাস করা জায়েজ হবে কি? মা-বাবা এমন বৃদ্ধ যে, চলতে ফিরতে অন্যের সাহায্যের প্রয়োজন হয়।
উত্তর : বয়োবৃদ্ধ মা-বাবাকে একা রেখে অন্যত্র গিয়ে বসবাস করা জায়েজ নেই। তবে মা বাবা যদি অন্যত্র গিয়ে বসবাসের অনুমতি দেয় কিংবা মা বাবার সেবাশুশ্রƒষা এবং তাদের প্রয়োজনীয় কাজে সহযোগিতা করার জন্য কাজের লোক রাখা হয় তাহলে অন্যত্র গিয়ে বসবাসের সুযোগ আছে। ফতোয়া তাতারখানিয়া ১৮/২৪২, ফতোয়া কাসেমিয়া ২৪/৩৩৭
মুরগি ড্রেসিং প্রসঙ্গে
আলিফুর রহমান, নরুন্দি, জামালপুর
প্রশ্ন : মুরগি ড্রেসিং করলে গোশত খাওয়া জায়েজ হবে কি?
উত্তর : সাধারণত মুরগি জবাইয়ের পর ড্রেসিং করা হয় লোম ও পালক নরম হওয়ার জন্য। যাতে মুরগির চামড়া ছিলতে সহজ হয়। যদি এত বেশি সময় গরম পানিতে মুরগি চুবিয়ে রাখা হয় যে, নাপাকির প্রভাব ও গন্ধ গোশতের ভেতর চলে যায়। তাহলে সেই মুরগির গোশত খাওয়া জায়েজ হবে না। আর যদি এত অল্প সময় গরম পানিতে চুবিয়ে রাখা হয় যে, নাপাকির প্রভাব ও গন্ধ গোশতের ভেতর প্রবেশ করে না। তাহলে সেটার গোশত খাওয়া জায়েজ হবে। তবে সতর্কতার জন্য করণীয় হলো, মুরগি ড্রেসিং না করানো। কেননা তা খুবই অস্বাস্থ্যকর। আহাসানুল ফতোয়া ২/৯৬, আলবাহরুর রায়েক ১/২৩৯
এক লোকমা হারাম খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না
নাইমুল ইসলাম, সৌদি আরব
প্রশ্ন : হাদিস শরিফে বর্ণিত আছে, এক লোকমা হারাম খাদ্য খেলে চল্লিশ দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। এর দ্বারা কোন ধরনের ইবাদত উদ্দেশ্য? আর কবুল না হওয়ার দ্বারা উদ্দেশ্য কী?
উত্তর : এক লোকমা হারাম খাদ্য খেলে চল্লিশ দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না, এই হাদিস দ্বারা ফরজ নফলসহ সব ধরনের ইবাদত উদ্দেশ্য। আর কবুল না হওয়ার দ্বারা উদ্দেশ্য হলো, এমন ব্যক্তি ইবাদত করলে তার জিম্মা থেকে উক্ত ইবাদত রহিত হয়ে যাবে। তবে ইবাদতের কোনো সওয়াব পাবে না। ফতোয়া কাসেমিয়া ২৪/৩১৫
