জীবনের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়েই দেশকে শিরোপা জিতিয়েছেন বাংলাদেশ গোলকিপার ইয়ারজান বেগম। সাফ অনূর্ধ্ব-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালটা নির্ধারিত সময় ১-১ থাকার গড়িয়েছিল টাইব্রেকারে। নেপালের আনফা কমপ্লেক্সে ভাগ্য পরীক্ষায় ভারতের তিনটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশের শিরোপা নিশ্চিত করেন ইয়ারজান। সুবাদে টুর্নামেন্টের সেরা গোলকিপারের স্বীকৃতি পেয়েছেন তিনি।
এত এত প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগে ভাসলেন ইয়ারজান। নিজের জন্মদাতা বাবা ও কোচকে এই সাফল্য উৎসর্গ করতে গিয়ে চোখের জল চেঁপে রাখতে পারেননি তিনি। 'আমার অনেক ভালো লাগছে। প্রথম টুর্নামেন্ট জিতলাম। সেরা গোলকিপার হওয়ার অনুভূতি একেবারেই আলাদা। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই সেরা হয়েছি, শিরোপা জিতেছি। অনেক খুশি আজ আমি। এই সাফল্যের কৃতিত্ব আমি আমার বাবা ও কোচকে (গোলকিপার কোচ আরিফ আহমেদ পান্নু) দিতে চাই।'
এরপর আর কথা বাড়াতে পারেননি ইয়ারজান। আনন্দের অশ্রু ঝড়তে শুরু করে তার দু'চোখ বেয়ে। পাশে থাকা কোচ পান্নু অবশ্য সব কৃতিত্বই দিয়েছেন ইয়ারজানকে, 'আমরা কোচ হিসেবে বড়জোড় কিছু কৌশল শিখিয়ে দিতে পারি। আজ ইয়ারজান যা করেছে, তার সব কৃতিত্ব ওর। শিরোপা নির্ধারণী টাইব্রেকারে সে তার স্নায়ুকে স্বাভাবিক রেখে অসাধারণ সেভ করেছে। টাইব্রেকারে আগ মুহূর্তে ও একটু ঘাবড়ে গিয়ে কান্না করছিল। আমি কাছে ডেকে নিয়ে শুধু বলেছি, কোন চাপ নিও না্ তুমি শুধু একটা সেভ দাও। দেখবা আরও সেভ দিয়ে ফেলবা। তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আল্লাহর অশেষ রহমত ছিল। ও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পেরেছে।'
