গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী। রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আরেক জায়ান্ট ঊষা ক্রীড়া চক্রকে তারা হারায় ২-১ গোলে। আবাহনীর তরুণ মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ জোড়া গোল করেন। ঊষার ভারতীয় রিক্রুট মোহাম্মদ শরিক এক গোল শোধ দেন।
খেলার নবম মিনিটে আব্দুল্লাহর দারুণ ফিল্ড গোলে লিড নেয় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারের ২৯ মিনিটে আবারও গোলের দেখা পায় তারা। এবারও আব্দুল্লাহই লক্ষ্যভেদ করেন। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন ঊষার মোহাম্মদ শরিক।
এই কোয়ার্টারের শেষভাগে আরও একটি গোল দেয় ঊষা। তবে রিভিউতে সেই গোল বাতিল হয়। আর এই গোলকে কেন্দ্র করেই প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। ঊষার গোলের পক্ষে মাঠের আম্পায়ার সিদ্ধান্ত দিলেও রিভিউতে গিয়ে দেখা যায় হিট নেওয়ার আগেই সেটি ফাউল ছিল। শেষ পর্যন্ত আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে দুদল পুনরায় মাঠের খেলায় ফেরে। শেষ পর্যন্ত ঊষার সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে মূল্যবান জয় তুলে নেয় আবাহনীর শক্ত রক্ষণভাগ।
লিগে আবাহনীর দ্বিতীয় জয়ের দিনে প্রথম হারের তেতো স্বাদ পেল ঊষা। প্রথম ম্যাচে তারা যাদের হারিয়েছিল ৫-১ গোলে, সেই মেরিনার্স রবিবার লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আজাদকে ১৩-২ গোলে উড়িয়ে দিয়ে। চতুর্থ মিনিটে সাজেদুর রহমান সাজুর ফিল্ড গোলের পর দ্বাদশ ও চতুর্দশ মিনিটে লক্ষ্যভেদ করেন সবুজ। দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোলে ব্যবধান আরও বাড়ান মেরিনার্স অধিনায়ক ফজলে হোসেন রাব্বি। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে হ্যাটট্রিক পূরণ করেন সবুজ। সালেকীন ৩৯, ৪০ এবং ৪১ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক।
