বসতঘরের সঙ্গে পুড়ে ছাই ৮ বছরের শিশু

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০২:২৬ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে আট বছরের এক শিশু নিহত হয়েছে। গত শনিবার রাতের এই আগুনে একটি গরু, একটি ছাগল ও দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের নূরুল হকের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল রবিবার টাঙ্গাইলে একটি লুঙ্গি কারখানার তুলার গুদাম এবং কুষ্টিয়ায় শতাধিক বিঘাজুড়ে পানের বরজ ও ফসলি জমি আগুনে পুড়ে গেছে।

ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে নিহত শিশুর নাম আল-আমিন। খানপুর গ্রামের নূরুল হকের একটি ঘরে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় নূরুল হকের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে একটি বসতঘর ও একটি গোয়ালঘর আগুনে পুড়ে শেষ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই সবকিছু আগুনে পুড়ে যায়। আগুন নেভানোর পর জানা যায়, আগুনে পুড়ে নূরুল হকের নাতি আল আমিন মারা গেছে। সঙ্গে একটি গরু, একটি ছাগল, কিছু নগদ টাকাসহ ঘরের আসবাব পুড়ে যায়। আল-আমিন ওই বাড়ির জুয়েল মিয়ার ছেলে।

টাঙ্গাইলে লুঙ্গি কারখানায় আগুন : টাঙ্গাইলের সদর উপজেলার ভাতকুড়া এলাকায় আগুনে পুড়েছে এটিএম লুঙ্গি কারখানার তুলার গুদাম। গতকাল বেলা পৌনে ১টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কারখানার মালিকপক্ষ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কুষ্টিয়ায় পুড়ল পানের বরজ ও জমির ফসল : কুষ্টিয়ার ভেড়ামারায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আশপাশের এলাকার দুই কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। গতকাল দুপুরে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ভেড়ামারা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিমান হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী, মিরপুরসহ আশপাশের অঞ্চলের ফায়ার সার্ভিসের টিম কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় আশপাশের অঞ্চল থেকে মানুষ ও গবাদিপশু সরিয়ে নেওয়া হয়। এই আগুনে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, ‘আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত শতাধিক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত