নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মুহাম্মদ ইউনূস বিদেশ যেতে পারবেন বলে আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেয় আদালত।
গত রবিবার বিদেশ যেতে চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এমএ আউয়ালের আদালতে এ আবেদন করেন ড. ইউনূস। আদালতকে অবহিত করে ড. ইউনূসের আইনজীবী বলেন, ড. ইউনূস আগামীকাল (আজ) দেশের বাইরে যাবেন এবং ফিরবেন আগামী ৪ এপ্রিল। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ড. ইউনূস যেন বিদেশ থেকে ফিরে আদালতকে অবহিত করেন।
পাল্টা যুক্তি দিয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে হাইকোর্টের কোনো নির্দেশনা নেই। কাজেই এটা চাওয়া অবান্তর। পরে আদালত তা খারিজ করে দেয়।
গত ৫ ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির চার শীর্ষ কর্মকর্তা আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না বলে আদেশ দেয় আদালত।
আদেশে বলা হয়, শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের সাজার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে বিদেশে যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে। পাশাপাশি শ্রম আদালতের দেওয়া ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিত করে জামিন দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট।
শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ আসামির জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ঢাকার শ্রম আদালত। গতকাল সোমবার ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বাড়ায় আদালত।
লিখিত আদেশে বলা হয়, ১৬ এপ্রিল পর্যন্ত ড. ইউনূস জামিনে থাকবেন। ওইদিন তিনিসহ চারজনকে ফের হাজির হতে হবে।
আদালত আরও বলে, ১৬ এপ্রিল আপিল শুনানির দিন ধার্য করা হলো। একই সঙ্গে শ্রম আদালত থেকে পাঠানো মামলার এলসিআর গ্রহণ করা হলো।
