লোহার ফুসফুসে বসবাস করা সেই পলের মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৩:৪৪ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা পল আলেকজান্ডার। তবে তিনি পরিচিত ছিলেন পোলিও পল নামেই। মাত্র ছয় বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়েও অনেক বাধাবিপত্তি পেরিয়ে আইনজীবীও হয়েছিলেন তিনি। তবে বিশ্বজুড়ে আলোচনায় আসার কারণ ছিল প্রায় ৬০০ পাউন্ড ওজনের এক ‘লোহার ফুসফুসের’ ভেতর থেকে সাত দশকের বেশি সময় ধরে বেঁচে থাকা। এক বছর আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্র্তৃপক্ষ পলকে বিশ্বের দীর্ঘতম ‘আয়রন ফুসফুসের রোগী’ হিসেবে স্বীকৃতিও দেয়। সেই পল গতকাল মারা গেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত সোমবার ৭৮ বছর বয়সে মৃত্যু হয়েছে ‘ ফুসফুসের ভেতর বসবাস করা’ সেই পল।

১২ মার্চ তার গোফান্ডমি পেজের মাধ্যমে জানানো হয়, ১১ মার্চ মারা গেছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, পোলিওতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে দীর্ঘ আয়ুর ব্যক্তি ছিলেন পল।

পলের জন্ম ১৯৪৬ সালে। পোলিওতে আক্রান্ত হওয়ার কারণে শিশুকাল থেকেই তাকে অনেক বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়েছে। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেশটিতে সবচেয়ে বড় পোলিও প্রাদুর্ভাব দেখা দেয়। তখন দেশটিতে ৫৮ হাজারের বেশি মানুষ পোলিওতে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশই ছিল শিশু। সে বছরই পল পোলিওতে আক্রান্ত হন। পোলিওর কারণে পলের ঘাড় থেকে শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এ কারণে তিনি নিজ থেকে শ্বাস নিতে পারছিলেন না।

ডাক্তার প্রথমে বলেছিলেন, তিনি আর বাঁচাবেন না, কিন্তু পরে অন্য এক ডাক্তার ট্র্যাকিওটমি সার্জারি করে বাতাসের পাইপে একটি ছিদ্র করেন, যার মাধ্যমে পল শ্বাস নিতে সক্ষম হয়। এই অস্ত্রোপচারের পরই একটি বড় লোহার ক্যাপসুলে রাখা হয়। ক্যাপসুলটি রোগীর মাথা ছাড়া পুরো শরীর ঢেকে রাখে। যন্ত্রটি কৃত্রিম ফুসফুস হিসেবে কাজ করে।

পল তার জীবনের বাকি সময়টা কাটান সেই যন্ত্রের ভেতরই। পরবর্তী সময়ে উন্নত প্রযুক্তি এলেও পল এই লোহার ফুসফুস ছাড়তে চাননি। তার ভাষা ছিল, তিনি এই যন্ত্রের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত